শওকত ওসমান যথাযথভাবে মূল্যায়িত হননি: কামাল লোহানী
কথাসাহিত্যিক শওকত ওসমানকে রাষ্ট্রীয় পর্যায়ে ‘যথাযথভাবে’ মূল্যায়ন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।
শওকত ওসমান স্মৃতি পরিষদ ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত শওকত ওসমান জন্মশতবার্ষিকীর দুদিনব্যাপী আয়োজনের শেষ দিনে এসে বাংলা একাডেমিরও সমালোচনা করেন তিনি।
মঙ্গলবার জন্মশতবার্ষিকীর এই আয়োজনে সভাপতির ভাষণে কামাল লোহানী বলেন, “শওকত ওসমানকে নিয়ে আলোচনার কোনো অধিকারই আসলে আমাদের নেই।
“যে মানুষটি সারা জীবনভর দেশ ও মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন, তার নামে স্রেফ পাবলিক লাইব্রেরিতে একটি মিলনায়তন। এই কি যথেষ্ট শ্রদ্ধা নিবেদন?”
বাংলা একাডেমির সমালোচনা করে তিনি বলেন, “বাংলা একাডেমির মতো জাতীয় প্রতিষ্ঠান কি তার রচনা ও সাহিত্যকর্মের সংকলন করতে পারত না?”
শওকত ওসমানের জীবনকর্ম নিয়েও আলোচনা করেন এক সময়ের এই সাংবাদিক।
ধর্মনিরপেক্ষতা, সমাজ সচেতনতা, সাম্য প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ শওকত ওসমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন বলে মন্তব্য করেন কামাল লোহানী।
লেখকের স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমি তখন প্রেস ইনস্টিটিউটে চাকরি করি। শওকত ভাই আসতেন আমার অফিসে। চা খেতে খেতে তিনি চারটি চরণ লিখতেন। তার সেই চরণ, কবিতা কত ব্যক্তি, কত প্রতিষ্ঠানকে পথনির্দেশ দিয়ে গেছে। সেগুলো সংগ্রহ করলে হয়ে যাবে এক মহাকাব্য।”
কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক সফিউদ্দিন আহমদ, মঞ্চ অভিনেতা তবিবুল ইসলাম বাবু এবং শওকত ওসমানের পুত্র জাঁ নেসার ওসমান।
উদীচী সভাপতি সফিউদ্দিন আহমদ বলেন, “আজকের দিনে শওকত ওসমান-এর অভাব খুব বেশি করে অনুভূত হয়। দেশে যখন ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিষবাস্প ক্রমশ ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চলছে, তখন শওকত ওসমান-এর রচনাসমূহ সঠিকভাবে পাঠ করলে এর থেকে উত্তরণের পথ পাওয়া সম্ভব।”
জাঁ-নেসার ওসমান বলেন, “বাবা আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছিলেন। অথচ আজকাল শিক্ষক-সাহিত্যিক বা বুদ্ধিজীবীরা অন্যায়-অবিচারের বিরুদ্ধে কেউ কিছু বলছেন না।”
এদিন শওকত ওসমান রচিত ছোটগল্প ‘দুই মুসাফির’ অবলম্বনে মাইনুল হাসিব নির্মিত স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘ফেরা’ প্রদর্শিত হয়। এরপর সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যছন্দ। বেনজীর সালামের পরিচালনায় ‘জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ’ গানটির সঙ্গে তারা নৃত্য পরিবেশন করে।
