জরিমানা ছাড়াই বকেয়া পরিশোধের সুযোগ গাড়ি মালিকদের
গাড়ি মালিকদের মধ্যে যারা কর খেলাপি, তারা জরিমানা ছাড়াই আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তা পরিশোধের সুযোগ পাবেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবে মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. আবু নাছের।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাগজে কলমে এ ধরনের গাড়ির সংখ্যা প্রায় ৬ লাখ। তবে বাস্তবে সংখ্যা অর্ধেকের মতো হতে পারে। কারণ অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে। কিন্তু গাড়ির নম্বর সরকারি খাতায় রয়ে গেছে।
বকেয়া কর ও ফি না দেওয়ায় এই গাড়ি মালিকদের জরিমানা বাড়ছে।
“১৫ এপ্রিলের মধ্যে খেলাপিরা জরিমানা ছাড়াই বকেয়া পরিশোধের সুযোগ পাবেন। এই সুযোগ গ্রহণ না করলে নির্ধারিত সময়ের পর বিশেষ অভিযান পরিচালনা করা হবে। তখন জরিমানাসহ বকেয়া আদায় করা হবে,” বলেন নাছের।
তিনি জানান, সর্বশেষ ২০১৪ সালে এ ধরনের সুযোগ দেওয়া হয়েছিল, তখন ২৭৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। সেই সফলতা থেকেই ফের একই ধরনের সুযোগ দেওয়ার চিন্তা করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অর্থমন্ত্রী এ ধরনের একটি প্রস্তাবে সম্মতি দিয়েছেন। প্রজ্ঞাপন হওয়ার পর এটি কার্যকর হবে।
