বাড়িওয়ালাদের স্বেচ্ছাচারিতা বন্ধের দাবি
বাড়িভাড়ায় অনিয়ম ও বাড়ি মালিকদের স্বেচ্ছাচারিতা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ।
রাজধানীর সেগুনবাগিচার নির্মল সেন মিলনায়তনে মঙ্গলবার সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বাহার বলেন, “বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে একটি আইন আছে, ১৯৯১ সালের। কিন্তু মালিকরা সেই আইনের তোয়াক্কাই করছে না। স্বেচ্ছাচারী এ মালিকরা প্রতিবছর নিজেদের ইচ্ছামতো ভাড়া বাড়াচ্ছে।
“গ্যাস, বিদ্যুৎ, পানি ও সার্ভিস চার্জের সঙ্গে সঙ্গে বাড়ি পরিষ্কারের নামেও তারা বছর বছর দ্বিগুণ হারে ভাড়াটিয়াদের পকেট কাটছে।”
সংবাদ সম্মেলনে বাড়িভাড়ায় অনিয়ম বন্ধে ভাড়ার হার ঠিক করে সরকারি প্রজ্ঞাপন জারি, বাড়িভাড়া নিয়ন্ত্রণে কমিশন গঠন, গ্যাসের মূল্য হ্রাস, সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির ঘোষণা প্রত্যাহারের দাবি জানানো হয়।
ভাড়াটিয়া পরিষদের সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা ও সহ-সভাপতি সামছুল আলমসহ সংগঠনের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
