২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডিএ আইনে বাড়ছে সাজা

জেল-জরিমানার পরিমাণ বাড়িয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আইনের খসড়া অনুমোদন দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 04:29 PM

Updated : 19 Aug 2022, 03:21 PM

আইনটি পাস হলে সিডিএ এলাকায় মহাপরিকল্পনা না মেনে জমি ব্যবহার করলে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা গুণতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ার পাশাপাশি হাউজিং বিল্ডিং রিসার্চ ইনস্টিটিটিউ আইন এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইনের খসড়াও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, “১৯৫৯ সালে পাকিস্তান আমলের মার্শাল ল’ আইন দিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চলছিল। উচ্চ আদালতের নির্দেশে মার্শাল ল’ আমলের আইনগুলোকে পরিমার্জন করে বাংলা করা হচ্ছে।”

রাজশাহী ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আধুনিক আইন অনুযায়ী গঠিত হয়েছে জানিয়ে শফিউল বলেন, ওই আইনের সঙ্গে সমন্বয় রেখে সিডিএ আইন হালনাগাদ করা হয়েছে।

নতুন আইনে জেল-জরিমানার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “কর্তৃপক্ষ স্থাপিত দেয়াল, সীমানা খুঁটি বা বাতি অপসারণ করলে পাঁচ লাখ টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে, আগে যা ছিল ২০০ টাকা।”

কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির পরেও কোনো স্থাপনা বা স্থাপনার বিশেষ অংশ না সরালে ৫০ হাজার থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

“মাস্টার প্ল্যান না মেনে জমি ব্যবহার করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। এই অপরাধে আগে একসঙ্গে সর্বোচ্চ ১ হাজার টাকা জরিমানা করে প্রতিদিনের জন্য ৫০ টাকা হারে আদায় করা হতো।”

সিডিএর চেয়ারম্যান বা সদস্যরা পদে থেকে কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করলে সর্বোচ্চ দুই বছর জেল, ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে।

আগের আইনে জেল-জরিমানা আরোপের বিষয়টি জটিল ছিল জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবিত আইনে সেগুলো সরলীকরণ করা হয়েছে।

মহাপরিচালক পাচ্ছে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট

সামরিক শাসনামলে ১৯৭৭ সালে প্রণীত অর্ডিন্যান্সকে বদলে বাংলায় হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন করে এই ইনস্টিটিউটের সর্বোচ্চ পদে মহাপরিচালক নিয়োগ দেবে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রতিষ্ঠান প্রধানের পদবি পরিচালক থেকে পরিবর্তন করে মহাপরিচালক করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া পরিচালনা পর্যদের গঠনও পুনর্বিন্যাস করা হয়েছে।

২০ সদস্যের পরিচালনা পর্ষদে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী হবেন চেয়ারম্যন এবং সচিব হবেন ভাইস চেয়ারম্যান।

পরিচালনা পর্ষদের মনোনীত সদস্যরা দুই বছরের জন্য নিয়োগ পাবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

ইমারতের নকশা প্রণয়ন, নির্মাণ, নির্মাণ উপকরণ শিল্প এবং মানববসতি সংশ্লিষ্ট কারিগরি ও বৈজ্ঞানিক অনুসন্ধান ও পরিচালনা করে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট।

এছাড়া দেশজ নির্মাণ উপকরণের প্রাপ্ততা, উন্নয়ন ও এনিয়ে গবেষণা; বহুল প্রচলিত নির্মাণ উপকরণের নতুন ও উন্নত ব্যবহার উৎসহিতকরণ, গৃহায়নখাতে ভূমিকম্প সহনীয় নির্মাণ প্রযুক্তি স্বল্প খরচে ইমারত নির্মাণে পরিকল্পনা ও নকশা প্রণয়ন, ভবন রক্ষণাবেক্ষণে আধুনিক কৌশল উন্নয়নে উদ্যোগ নেওয়াসহ ১৭ ধরনের গবেষণাধর্মী কাজ করে এই ইনস্টিটিউট।

সোমবারের মন্ত্রিসভা বৈঠকে বাংলাদেশ ভেটিরিনারি কাউন্সিল আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৯৮২ সালের একটি অডিন্যান্স অনুসারে ভেটেরিনারি কাউন্সিল চলছিল। এটিকে বাংলায় রূপান্তর করে নতুন আইন করা হচ্ছে।

ভেটেরিনারি কাউন্সিল এখন পর্যন্ত পাঁচ হাজার ১৫০ জন ভেটিরিনারি সার্জনকে নিবন্ধন দিয়েছে বলেও জানান শফিউল আলম।