৭৩ বছর পূর্ণ করলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ
চুয়াত্তর বছরে পা রাখলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
১৯৪৪ সালের ১ জানুয়ারি তিনি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এলাকার জনগণের কাছে আমি ঋণী। তারা বারবার ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। জনগণের দোয়া ও ভালোবাসা এবং বঙ্গবন্ধুর আদর্শের অনুপ্রেরণা আমাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।
“বাকি জীবন যেন বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে বাঁচতে পারি এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা দেখে যেতে পারি এটাই আমার প্রত্যাশা। ভবিষ্যতে সফলভাবে দায়িত্ব পালনের জন্য সবার দোয়া কামনা করছি।”
এসময় হামিদের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা এই মোনাজাতে অংশ নেন।
আবদুল হামিদের রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৫৯ সাল, ছাত্রলীগে যোগ দেওয়ার মধ্য দিয়ে।
১৯৬১ সালে কলেজের ছাত্র থাকা অবস্থাতেই তিনি যোগ দেন আইয়ুববিরোধী আন্দোলনে। এক পর্যায়ে তাকে কারাগারেও যেতে হয়।
১৯৭০ সালের নির্বাচনে ময়মনসিংহ-১৮ আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হন আবদুল হামিদ। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসাবে ২০১৩ সালে আব্দুল হামিদকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়।
১৯৭৩ সালের ৭ মার্চ দেশের প্রথম সাধারণ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে নির্বাচিত হন আবদুল হামিদ। ১৯৮৬ সালের তৃতীয় সংসদ, ১৯৯১ সালের পঞ্চম সংসদ, ১৯৯৬ সালের সপ্তম সংসদ, ২০০১ সালের অষ্টম সংসদ এবং সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনেও তিনি সাংসদ নির্বাচিত হন।
সপ্তম সংসদে ১৯৯৬ সালের ১৩ জুলাই থেকে ২০০১ এর ১০ জুলাই পর্যন্ত ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের পর ২০০১ এর ২৮ অক্টোবর পর্যন্ত স্পিকার হিসাবে সংসদ পরিচালনা করেন আবদুল হামিদ।
নবম সংসদে নির্বাচিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো স্পিকার হন।
আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
তিনি তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
