২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষার আগে সড়ক সংস্কার শেষ চান কাদের

আগামী বর্ষার আগেই দেশের সড়ক-মহাসড়কে চলমান সংস্কার কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2017, 11:22 PM

Updated : 11 Apr 2022, 10:43 PM

কোনোভাবেই বর্ষাকে ‘অজুহাত’ হিসেবে দাঁড় করানো যাবে না বলে কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে চলমান প্রকল্পগুলোর কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় একথা বলেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সভায় মন্ত্রী চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেন।

তিনি বলেন, “সড়ক-মহাসড়ক সংস্কার কাজের গুণগত মান বজায় রাখতে হবে। জনগণের অর্থের অপচয় কিংবা অপব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, অতিরিক্ত সচিব ফারুক জলিল ও মনিউর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।