ক্ষমা চেয়ে পার পেলেন সাভারের ওসি
আদেশ দেওয়ার পরও মামলা না নেওয়ার ঘটনায় আদালতে হাজির হয়ে ক্ষমা চেয়ে শাস্তি থেকে রেহাই পেয়েছেন সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান।
রোববার তিনি ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির হয়ে ভুল স্বীকার করে ক্ষমা চান।
সাভার থানার সেটেলমেন্ট কার্যালয়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয় এক সাংবাদিকের করা অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেওয়ার পরও তা না মানায় গত বৃহস্পতিবার এ পুলিশ কর্মকর্তাকে তলব করেন বিচারক। সশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে বো হয় ওসি কামরুজ্জামানকে।
সাভার প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক এবং স্থানীয় দৈনিক ফুলকির স্টাফ রিপোর্টার মো. ইমদাদুল হক গত ৬ ডিসেম্বর এ আদালতেই মামলার আরজি জানান।
অভিযোগে বলা হয়, গত ১৭ নভেম্বর পেশাগত দায়িত্ব পালনকালে সাভার সেটেলমেন্ট অফিসের সহকারী সেটেলমেন্ট অফিসার আমির হোসেন (৫০), উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার ও রাজস্ব কর্মকর্তা আবু তৈয়ব মজুমদার (৪৫), খারিজ সহকারী টিএম জাহাঙ্গীর আলমসহ (৩৫) অজ্ঞাতপরিচয় ৩/৪ জন ইমদাদুল হককে লাঞ্ছিত করেন এবং মোবাইল ফোন ও ল্যাপটপ ছিনিয়ে নেন।
ইমদাদুল বলেন, “ওইদিনই সাভার মডেল থানায় একটি অভিযোগ দিলে পুলিশ মামলা নথিভুক্ত না করে আমাকে ঘোরাতে থাকে। তাই কোনো উপায় না পেয়ে আদালতে পিটিশন মামলা দায়ের করি।”
বাদীর আইনজীবী মো. আনিচুর রহমান রুলু জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে সাভার মডেল থানার ওসিকে তা এফআইআর হিসেবে নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। কিন্তু ওসি তা না করায় গত ৩০ ডিসেম্বর তাকে তলবের আদেশ আসে।
রোববার বিচারক তার আদেশে বলেন, ওই পুলিশ কর্মকর্তা বাদীর আর্জি এজাহার হিসাবে গ্রহণ না করে অসদাচারণ করেছেন এবং অদক্ষতা দেখিয়েছেন।
সাভারের ওসিকে দায়িত্ব পালনে ‘আরও যত্নশীল’ হওয়ার নির্দেশ দেন তিনি।
