২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোকান পেলে রাস্তায় বসবেন না হকাররা: সেলিম

জালিয়াতির সুযোগ করে দিতেই হকারদের পরিচয়পত্র দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2017, 01:50 PM

Updated : 19 Aug 2022, 03:21 PM

হকারদের জন্য স্থায়ী দোকান করে দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।

হকার পুনর্বাসনসহ ১০ দফা দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত হকারদের বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, “সব হকারকে বৈধ পরিচয়পত্র দিতে হবে।

“আইডি কার্ড দিতে হবে যেন তারা তাদের পেশার একটা ন্যায্য, মর্যাদাপূর্ণ স্বীকৃতি পায়। আর হকারদের নাম করে কোনো গোষ্ঠী যেন অবৈধ সুযোগ সুবিধা নিতে না পারে।”

হকারদের ফুটপাত থেকে হলিডে মার্কেটে সরিয়ে নেওয়ার বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গণবিজ্ঞপ্তির প্রতিবাদে বাংলাদেশ হকার্স ইউনিয়ন এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কয়েকশ হকার সমাবেশে অংশ নেন।

ব্যবসা করার বিকল্প জায়গার ব্যবস্থা না করে কোনো হকারকে উচ্ছেদ করা যাবে না বলেও মন্তব্য করেন সেলিম।

“রাস্তায় বসে কেউ ব্যবসা করতে চায় না। হকারদের যদি দোকান বানিয়ে দেয় তাহলে তারা কেউ রাস্তায় বসবে না।”

হলিডে মার্কেটে হকারদের বসার নিশ্চয়তা চান হকার্স ইউনিয়ন নেতা মনজুর মঈন। তিনি অভিযোগ করেন, হলিডে মার্কেটের কথা বলে কোটি কোটি টাকার বাণিজ্য করা হয়।

“হলিডে মার্কেটে হকাররা বসতে পারবে এই গ্যারান্টি আপনারা দিতে পারবেন? হকারদের পুনর্বাসনের কথা বলে দশ তলা-বিশ তলা ভবন হয়েছে। কিন্তু প্রকৃত হকাররা সেখানে বরাদ্দ পায়নি। হকারদের দেখিয়ে প্রভাবশালীরা বরাদ্দ নিয়েছে। সেখানে কোটিপতি লোকজন ব্যবসা বাণিজ্য করে। হকারদের অবস্থার কোনো পরিবর্তন হয় নাই।”

পুনর্বাসনের নামে ছলচাতুরির আশ্রয় নিয়ে হকারদের উচ্ছেদ করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেন তিনি।

পুলিশ, মাস্তান আর সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা হকারদের কাছ থেকে চাঁদাবাজি করে বলে অভিযোগ করেন বাংলাদেশ হকার্স ইউনিয়নের উপদেষ্টা সেকান্দার হায়াত। নিয়মিত ট্যাক্স নিয়ে হকারদের ফুটপাতে ব্যবসা করার অধিকার দেওয়ার দাবি জানান তিনি।

সমাবেশে বক্তারা বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবেই হকারদের রাস্তা থেকে তুলে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। এর আগে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র কয়েকবার হকারদের উচ্ছেদ না করার আশ্বাস দিয়েছেন। কিন্তু এরপরও প্রধান সম্পত্তি কর্মকর্তার এ গণবিজ্ঞপ্তি ষড়যন্ত্রের অংশ।

বাংলাদেশ হকার্স ইউনিয়নের আহ্বায়ক আবুল হাসেম কবিরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি নেতা সাজেদুল হক রুবেল, আহসান হাবিব লাভলু, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জলি তালুকদার প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন হকাররা।