নিরাপত্তা পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে: ডিএমপি কমিশনার
দেশের বর্তমান পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
শনিবার রাতে গুলশান-২ নম্বর গোলচত্বরে থার্টি ফাস্টের নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে সংবাদিকদের এ কথা বলেন তিনি।
আছাদুজ্জামান বলেন, “২০১৬ একটি ঘটনাবহুল বছর। একটি কুচক্রীমহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য বছর জুড়ে চক্রান্ত করেছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা তাদের চক্রান্ত নসাৎ করে দেয়।”
আগের বছরের মতো ২০১৬ সালের শুরুতেও লেখক-প্রকাশক, শিক্ষক ও পুরোহিতসহ ভিন্ন মতালম্বী বিভিন্ন মানুষকে কুপিয়ে হত্যার ঘটনার পর জুলাইয়ের শুরুতে গুলশানের হলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ‘ভয়াবহ’ জঙ্গি হামলা হয়।
এই দুই হামলায় দেশি-বিদেশিসহ ২০ এর বেশি মানুষের মৃত্যুর পর জঙ্গিবিরোধী অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
বিভিন্ন জঙ্গি আস্তানায় পুলিশের ধারাবাহিক অভিযানে ২৪ জন চিহ্নিত জঙ্গি নিশ্চিহ্ন করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, “এছাড়াও যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের আদালতে পাঠিয়েছি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, শঙ্কিত হওয়ার কিছু নাই।”
বর্তমানে পুলিশ ও জনগণ সমন্বিতভাবে নিরাপত্তা নিশ্চিত করতে এক কাতারে দাঁড়িয়ে কাজ করছে বলেও দাবি করেন তিনি।
রাতে একই জায়গায় নিরাপত্তা পর্যবেক্ষণ করতে গিয়ে থার্টি ফাস্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
তিনি বলেন, “যে সমস্ত গোয়েন্দা সংস্থা কাজ করছে তাদের এবং র্যাবের নিজস্ব গোয়েন্দা সংস্থার প্রতিবেদন মিলিয়ে যেসব সম্ভাব্য ঝুঁকি রয়েছে, সেসব কিছু মাথায় রেখে থার্টি ফাস্টে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে।
“প্রতেকটা হোটেল, রেস্টুরেন্ট ও ক্লাব- যেখানে অনুমতি নিয়ে অনুষ্ঠান হচ্ছে সেখানেও র্যাবের নিরাপত্তা রয়েছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দারাও ওইসব অনুষ্ঠানে নজর রাখছে। পাশাপাশি র্যাবের যে সমস্ত টেকনোলোজিকাল উইং রয়েছে সেগুলো পরিপূর্ণ মাত্রায় স্ট্যান্ডবাই রয়েছে, যাতে যেকোনো আপদকালীন পরিস্থিতি মোকাবেলা করা যায়।”
বিদেশিদের নিরাপত্তা প্রসঙ্গে বেনজির বলেন, “যে সব জায়গায় বিদেশিরা রয়েছে তাদের তালিকা করে স্থায়ী নিরাপত্তা ব্যাবস্থা রাখা হয়েছে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিরাপত্তা কড়াকড়িকে ‘দুর্ভোগ হিসেবে দেখা ঠিক হবে না’ বলেও মন্তব্য করে র্যাব মহাপরিচালক।
