২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত ব্যক্তিকে বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ

বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৩৯তম বার্ষিক সভা হয়েছে, যাতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সাত ব্যক্তিকে সম্মানসূচক ফেলোশিপ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2016, 08:16 PM

Updated : 11 Oct 2022, 09:31 PM

শনিবার একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজনে বাংলা একাডেমি পরিচালিত তিনটি পুরস্কারও প্রদান করা হয়।

২০১৬ সালে যারা বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ পেয়েছেন তারা হলেন- সাংবাদিকতায় তোয়াব খান, আইন ও সুশাসনে ব্যারিস্টার রফিক-উল হক, শিক্ষা ও গবেষণায় ইমেরিটাস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, শিক্ষায় ইমেরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, মুক্তিযুদ্ধে মুশতারী শফী, সঙ্গীতে রথীন্দ্রনাথ রায় এবং কৃষি উন্নয়নে শাইখ সিরাজ।

এছাড়া এদিন বাংলা কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কবি আবু বকর সিদ্দিককে ‘মাযহারুল ইসলাম কবিতা পুরস্কার ২০১৬’, শিশুসাহিত্যে বিশেষ অবদানে শিশুসাহিত্যিক আখতার হুসেনকে ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০১৫’ এবং কথাসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কথাসাহিত্যিক হোসেনউদ্দীন হোসেনকে ‘সাদত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০১৬’ প্রদান করা হয়।

‘মাযহারুল ইসলাম কবিতা পুরস্কার’ এবং ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কারের’ অর্থমূল্য এক লাখ টাকা এবং ‘সাদত আলি আখন্দ সাহিত্য পুরস্কারের’ অর্থমূল্য ৫০ হাজার টাকা।

পুরস্কার ও ফেলোশিপপ্রাপ্তদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এবং মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

এর আগে সকালে সাংস্কৃতিক সংগঠন ‘সত্যেন সেন শিল্পীগোষ্ঠী’র শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে সভা শুরু হয়।

এরপর দেশের বিভিন্ন ক্ষেত্রের প্রয়াত গুণী ব্যক্তিদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করেন বাংলা একাডেমির উপপরিচালক মুর্শিদুদ্দিন আহম্মদ। প্রয়াত গুণীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান ২০১৫-২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন এবং একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন ২০১৬-২০১৭ সালের বাজেট উপস্থাপন করেন।

বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সভায় সারাদেশ থেকে বাংলা একাডেমির ফেলো, জীবনসদস্য এবং সদস্যরা অংশ নেন।

সভাপতির ভাষণে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “দেশের সাংস্কৃতিক জীবনে বাংলা একাডেমির যুক্ততা বিশেষ গুরুত্বপূর্ণ। একাডেমির কাছে মানুষের আকাঙ্খাও অনেক।

“আমরা আশা করি, মনন ও মেধাচর্চায় ভূমিকা রেখে একাডেমি ভবিষ্যতে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক মান উন্নতকরণে আরও সচেষ্ট হবে।”