২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রণাঙ্গনের গল্প নিয়ে এল ‘গেরিলা ৭১’

দুর্ধর্ষ সব মুক্তিসেনার গল্প, রণাঙ্গনের নানা অপারেশন, সাফল্য-বিজয় আর বিপরীতে ব্যর্থতা, প্রতিকূলতার গল্প নিয়ে বীরবিক্রম কর্নেল তৌফিকুর রহমানের ‘গেরিলা-৭১’ বইটি প্রকাশিত হয়েছে শনিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2016, 07:04 PM

Updated : 11 Oct 2022, 09:31 PM

পাঠক সমাবেশ ও সময় প্রকাশনীর যৌথ উদ্যোগে বইটির ইংরেজি ভার্সন ‘দ্য গেরিলাস অব ঢাকা-১৯৭১’ প্রকাশিত হয়েছে।

শনিবার সকালে রাজধানীর জাতীয় জাদুঘরে ছিল বই দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান, যাতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মুক্তিযুদ্ধের সময় কর্নেল তৌফিক ছিলেন ১৬ বছরের এক তরুণ; ৩ নম্বর সেক্টরের এই মুক্তিযোদ্ধা যুদ্ধদিনের স্মৃতিকথায় তুলে এনেছেন তার সহযোদ্ধাদের গল্প।

দেশমাতৃকাকে শত্রুমুক্ত করতে বীর সেনাদের সাহসী সব অভিযান, নিজের বাহিনীর নানা অপারেশনের গল্প যেমন আছে, ঠিক তেমনি ঠাঁই পেয়েছে তাদের ব্যর্থতার গল্পও।

বীর সেনাদের মরণপণ তেজোদীপ্ত লড়াইয়ের গল্প যেমন শিহরণ জাগাবে, ঠিক তেমনিভাবে তাদের করুণ মৃত্যু ব্যথিত করে তুলবে পাঠককে।

কর্নেল তৌফিকুর রহমান প্রথমে ২ নম্বর সেক্টরে বীরউত্তম কমান্ডার খালেদ মোশাররফের অধীনে ট্রেনিং নেন। ট্রেনিং শেষ হওয়ার পরে তৌফিকদের পাঠানো হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ায় চতুর্থ বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে।

সেপ্টেম্বরে বীরপ্রতীক রেজাউল করিম মানিকের নেতৃত্বে তৌফিকরা ক্যাম্প স্থাপন করেন মানিকগঞ্জ আর ধামরাইয়ের মাঝামাঝি জায়গায়; সেখানে সাদেক হোসেন খোকা, গায়ক আজম খান, রাইসুল ইসলাম আসাদ, নাসিরউদ্দিন ইউসুফ, শিল্পী শাহাবুদ্দিন আহমেদরা ছিলেন তৌফিকের সহযোদ্ধা।

‘গেরিলা-৭১’ বইটিতে উঠে এসেছে তাদের ‘ডিআইটি টাওয়ার অপারেশন’, ‘কাকরাইল পেট্রোল পাম্প অপারেশন, ‘বায়তুল মোকাররম অপারেশন’, ঢাকা-আরিচা মহাসড়কের একটি ব্রিজ ধ্বংস করাসহ নানা অভিযানের গল্প।

অর্থমন্ত্রী ‘গেরিলা-৭১’ এর ‘যাত্রার প্রস্তুতি’, ‘আগরতলা শহরে রাতযাপন’, ‘পাকিস্তান মিলিটারির ফাঁদে রাতযাপন’, ‘পাকিস্তান টেলিভিশন ভবনে বিস্ফোরণ’, ‘মানিক ভাইয়ের মৃত্যু’, ‘আলতাফের দুর্ঘটনাজনিত মৃত্যু’-অধ্যায়গুলো নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, “শুক্রবার আমি কোথাও যাইনি। সারা বিকেল আমি বাসায় বসে এই বইটি পড়ে শেষ করেছি।  বইটির আকর্ষণ এতই প্রচণ্ড যে তা আমি গোগ্রাসে পড়েছি। ছোট ছোট কাহিনীতে কত অজানা মানুষের কথা জেনেছি। চেনা পথের অজানা গল্প জেনেছি।”

অভিনেত্রী-পরিচালক মেহের আফরোজ শাওনের সঞ্চালনায় আলোচনায় যোগ দেন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ও ৩ নম্বর সেক্টরের কমান্ডার কে এম সফিউল্লাহ, বীরপ্রতীক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ আলী জহির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারপার্সন সোনিয়া নিশাত আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ।

নাসিরউদ্দিন ইউসুফ বলেন, “বইটিতে মুক্তিযুদ্ধের ইতিহাস দারুণভাবে প্রতিভাত হয়েছে। বইটিকে আমরা ইতিহাসের এক আকড়গ্রন্থ বলতে পারি। এখানে শুধু সাফল্য নয়, ব্যর্থতার গল্প আছে। আছে বন্ধুত্বপূর্ণ মনোভাব আর অসম সাহসিকতার গল্প।”

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধভিত্তিক বইটি পৌঁছে দিতে অনুরোধ করেন কে এম সফিউল্লাহ।

“এমন বই আরও বেশি করে লেখা উচিত। নতুন প্রজন্ম জানুক আমাদের প্রজন্ম কিভাবে মুক্তিযুদ্ধ করেছে, কিভাবে স্বাধীন হয়েছে এই দেশ।”

আন্তর্জাতিক অঙ্গনে মুক্তিযুদ্ধ, একাত্তরের গণহত্যা নিয়ে এখনও পাশ্চাত্যের দেশগুলো ভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন অধ্যাপক সোনিয়া নিশাত আমিন। তিনি বইটির ইংরেজি ভার্সনের মুখবন্ধ লিখেছেন।

তিনি বলেন, “মুক্তিযুদ্ধের তথ্যবহুল এই বইটি নিতে চেয়েছে পাকিস্তান, কানাডার নাগরিকরা। বিশ্বঅঙ্গনে এসব বই ছড়িয়ে দিতে পারলে ইতিহাসের বিভ্রান্তি কেটে যাবে।”

২৩১ পৃষ্ঠার ‘গেরিলা-৭১’ বইটিতে ৩১টি অধ্যায় রয়েছে; মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা।