বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনে নতুন নেতৃত্ব
জনপ্রশাসনের কর্মকর্তাদের সমিতি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার মহাসচিব হয়েছেন।
শুক্রবার ঢাকার নিউ ইস্কাটনে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই সমিতির সহ সভাপতি হিসেবে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, পরিকল্পনা কমিশনের সদস্য এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশারফ হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসানকে নির্বাচন করা হয়েছে।
অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নূরুল ইসলাম।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক তোফাজ্জল হোসেন মিয়া, যুগ্ম সচিব মো. খাজা মিয়া, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মেজবাহ উদ্দিন ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য মো. ইয়াকুব আলী পাটোয়ারীকে সমিতির যুগ্ম সচিব করা হয়েছে।
আর ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন পদাধিকার বলে নতুন কমিটির যুগ্ম-সচিবের দায়িত্বে থাকবেন।
এছাড়া আরও ২৮ কর্মকর্তাকে সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী সভাপতিত্বে সভায় বর্তমান মহাসচিব ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশারফ হোসেন বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।
বর্তমান কোষাধ্যক্ষ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক শেখ ইউসুফ হারুন ২০১৬ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব এবং ২০১৭ সালের বাজেট পেশ করেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
