বানান ভুল হতেই পারে: বাংলা একাডেমির ডিজি
শ্রাবণ প্রকাশনীকে বই মেলায় নিষিদ্ধের পর সমালোচনার মধ্যে ফেইসবুকে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের ভুলে ভরা পোস্ট নিয়ে চলছে তুমুল হাস্যরস।
বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারে বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানের প্রধান ওই ফেইসবুক স্ট্যাটাসে বানান, বিরামচিহ্ন আর ব্যাকরণ মিলিয়ে কতগুলো ভুল করেছেন তার সংখ্যা ধরে কয়েকটি অনলাইন পোর্টালে প্রতিবেদনও এসেছে।
আর শামসুজ্জামান খান বলছেন, বানান ভুল ‘হতেই পারে’। লোকজন ‘খামোখাই’ একটি ‘তুচ্ছ বিষয়’ নিয়ে এরকম করছে।
শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবীন আহসান একুশের বইমেলায় অংশ নেওয়ার আবেদনপত্র সংগ্রহ করতে গিয়ে সম্প্রতি জানতে পারেন, তার প্রতিষ্ঠানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে মেলার আয়োজক সংস্থা বাংলা একাডেমি।
এর প্রতিবাদে গত ২৭ ডিসেম্বর ‘লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মী ও নাগরিকবৃন্দ’ ব্যানারে এক সভা থেকে বাংলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে শামসুজ্জামান খানের পদত্যাগের দাবি ওঠে। সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলা একাডেমির ওই সিদ্ধান্তের তীব্র সমালোচনা হয়।
এরপর গত ২৮ ডিসেম্বর নিজের অবস্থান তুলে ধরে শামসুজ্জামান খান ফেইসবুকে একটি পোস্ট দিলে সেখানেই তার ‘বানান ও ব্যাকরণ জ্ঞান’ নিয়ে নতুন সমালোচনা আর হাস্যরসের সূত্রপাত। ওই পোস্টেই Shanto Rahman নামের একটি আইডি থেকে একজনের মন্তব্য এসেছে- “আগে বানান ঠিক করে লিখুন। প্লিজ। আমার মায়ের ভাষার অবমাননা হচ্ছে।”
খুরশেদ আহমেদ নামের একজন ‘বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম’ এর পরিমার্জিত সংস্করণে মহাপরিচালকের লেখা মুখবন্ধটির ছবি তুলে ধরেছেন।
এরপর শামসুজ্জামান খানের বানান ভুলের নমুনাগুলো তুলে ধরে তিনি লিখেছেন, “আপনার পক্ষে
প্রমিত বানান কায়েমের কর্ণধার থাকার কিংবা বাংলা একাডেমির ওই শীর্ষপদে আসীন থাকার ন্যূনতম নৈতিক অধিকার আর অবশিষ্ট আছে বলে মনে করি না।”
কেউ আবার রসিকতা করে ভুল বানানেই ভুলের সমালোচনা করেছেন।
শামসুজ্জামান খানের পক্ষেও দাঁড়িয়েছেন কেউ কেউ।
নিজের পোস্টে এতো সমালোচনার জবাবে কোনো উত্তর লেখেননি বাংলা একাডেমির মহাপরিচালক।
অধ্যাপক শামসুজ্জামান খান
“ভুল হতেই পারে। অনেক সময় তাড়াহুড়োর মধ্যে বানান ভুল হয়, বয়স্ক লোকেরা কম টেকনোলজি জানেন, সেজন্যও হয়।”
ভুল বানানের ওই ফেইসবুক স্ট্যাটাস নিজেই লিখেছিলেন কি না জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, “এ ব্যাপারে আমি আর কিছুই বলব না। আমার অনেক বই আছে সেগুলো দেখেন।”
শ্রাবণ প্রকাশনীর বিষয়ে কোনো কথা বলতে অস্বীকার করে শামসুজ্জামান খান বলেন, “ওই অধ্যায় শেষ করে দিয়েছি।”
