প্রাথমিক-ইবতেদায়ী: ৮১ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ৯৩ হাজার ৬৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে; কেউ পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠান ৮১টি।
গত বছর এ পরীক্ষায় ৯১ হাজার ২২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। আর ১৪৮টি প্রতিষ্ঠানের সবাই ফেল করে।
এই হিসাবে এবার পঞ্চমের সমাপনীতে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২ হাজার ৪৫২টি। আর শতাভাগ শিক্ষার্থী ফেল করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৬৭টি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রাথমিক সমাপনীতে এবার ৯৮ দশমিক ৫১ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
প্রাথমিকে ৮৫ হাজার ১১২টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে; আর ৫৫টি প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি।
গত বছর প্রাথমিক সমাপনীতে ৮৩ হাজার ৩৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করে। আর ১০৬টি প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি।
অন্যদিকে ইবতেদায়ীতে এবার ৮ হাজার ৫৬৭টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে; ২৬টি মাদ্রাসায় কেউ পাস করতে পারেনি।
২০১৫ সালে ইবতেদায়িতে ৭ হাজার ৭৯১টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছিল; ৪২টি মাদ্রাসায় পাসের হার ছিল শূন্য।
