জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির নতুন কমিটির অভিষেক
সৃজনশীল প্রকাশনার মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বমানে পৌঁছে দেওয়ার প্রত্যয় জানিয়েছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির নতুন কমিটি।
বুধবার সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে সদস্যরা এ প্রত্যয় ব্যক্ত করেন।
অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।
এছাড়া অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ।
কলকাতার বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় ও লেখক-গবেষক অধ্যাপক ইমানুল হকও নতুন কমিটির অভিষেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি অন্যপ্রকাশের প্রকাশক মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আগামী প্রকাশনীর ওসমান গণি।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে বিদায়ী সভাপতি ওসমান গণি নববির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং তাদের শপথ বাক্য পাঠ করান। তিনি নবনির্বাচিত সভাপতি মাজহারুল ইসলামকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান।
মাজহারুল ইসলাম বিদায়ী সভাপতি ওসমান গণিকে শুভেচ্ছা জানান। তারপর বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি প্রকাশিত ২০১৬ সালের সম্মিলিত গ্রন্থ তালিকার মোড়ক উন্মোচন করা হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “দেশে যত পাঠক বাড়বে, মানুষের মধ্যে মধ্যে যত পাঠাভ্যাস তৈরি হবে, দেশের তত উন্নয়ন হবে।
“অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানুষের সৃজনশীল ও মননশীলতা বৃদ্ধিতে, মানুষের রুচির বিকাশ করতে বইয়ের কোনো বিকল্প নেই। সৃজনশীল প্রকাশকেরা ওই বই প্রকাশ করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।”
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “আমাদের এই সঙ্কট হচ্ছে শিক্ষার মান। শিক্ষার সঙ্গে জ্ঞান ও সংস্কৃতির সমন্বয় ঘটাতে পারছি না। অনেক উঁচুমানের লেখক আছেন, কিন্তু ভালো অনুবাদকের অভাবে তা তুলে ধরা সম্ভব হচ্ছে না। আরেকটি বিপণন সমস্যা। ”
তিনি অভিযোগ করেন, “আমাদের এখন পরীক্ষার্থী আছে, কিন্তু শিক্ষার্থী নেই। মানবিক মূল্যবোধের বিকাশ ঘটছে কি না, সেদিকেও নজর নেই।”
নবনির্বাচিত সভাপতি মাজহারুল ইসলাম বলেন, “এ দায়িত্বটি আমার কাছে অনেক বেশি চ্যালেঞ্জের। সাবেক সভাপতি আমাদের এ সংগঠনকে যেভাবে নেতৃত্ব দিয়ে গেছেন সেই জায়গায় দায়িত্ব নেওয়া বেশ কঠিন। সৃজনশীল প্রকাশকদের সঙ্গে নিয়েই আমরা বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব দরবারে আরো ভালোভাবে তুলে ধরব। ”
এবারের সভায় সভাপতি নির্বাচিত হয়েছেন অন্যপ্রকাশের মাজহারুল ইসলাম, সহসভাপতি হিসেবে রয়েছেন আহমদ পাবলিশিং হাউজের মেছবাহউদ্দীন আহমদ, অনন্যার মনিরুল হক, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পাঞ্জেরীর কামরুল হাসান শায়ক। যুগ্ম নির্বাহী পরিচালক শিখা প্রকাশনীর নজরুল ইসলাম বাহার, পরিচালক (অর্থ) উৎস প্রকাশনের মোস্তফা সেলিম।
পরিচালক হিসেবে নতুন কমিটিতে রয়েছেন কাকলী প্রকাশনীর এ কে নাছির আহমেদ, সুবর্ণর আহমেদ মাহফুজুল হক, রিদম প্রকাশনা সংস্থার গফুর হোসেন, চারুলিপি প্রকাশনের হুমায়ূন কবীর, কথাপ্রকাশের জসিম উদ্দিন, শোভাপ্রকাশের মিজানুর রহমান, নবযুগ প্রকাশনীর অশোক রায় নন্দী, সন্দেশ-এর লুৎফুর রহমান চৌধুরী, একুশে বাংলা প্রকাশনের জাহাঙ্গীর হোসেন, বাংলাপ্রকাশের মেহেদী হাসান, অনিন্দ্য প্রকাশের আফজাল হোসেন, অন্বেষা প্রকাশনের শাহাদাত হোসেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সঙ্গীতানুষ্ঠান। লালনগীতি পরিবেশন করেন কন্ঠশিল্পী ফরিদা পারভীন।
