একরাম হত্যার এক আসামির জামিন
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলায় গ্রেপ্তার নাফিজ উদ্দিন অনিককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার এ জামিন আদেশ দেয় বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল জানিয়েছেন।
আদালতে জামিনে আপত্তি জানিয়ে রাষ্ট্রপক্ষে তিনিই শুনিানিতে অংশ নেন। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আমিনুল হক।
রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্টের এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে। কারণ জামিনপ্রাপ্ত এ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রয়েছে। তাছাড়া এ হত্যাকাণ্ডের সঙ্গে আসামির সংশ্লিষ্টতাও রয়েছে।”
২০১৪ সালের ২০ মে ফেনীর বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
এ মামলায় গত ১৫ মার্চ ফেনী জেলা ও দায়রা জজ আদালতে ৫৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। বর্তমানে ফেনীর ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানার আদালতে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
