২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মবার্ষিকীতে সৈয়দ হককে স্মরণ

সৈয়দ শামসুল হকের জন্মবার্ষিকীতে আলোচনা, স্মৃতিচারণা, নিবেদিত কবিতাপাঠ ও তার কবিতা আবৃত্তির মধ্য দিয়ে প্রয়াত লেখককে স্মরণ করা হল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2016, 10:19 PM

Updated : 11 Oct 2022, 09:30 PM

মঙ্গলবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে এই আয়োজনে সৈয়দ হকের স্মৃতিচারণ পর্বে স্বাগত বক্তব্যে জাতীয় কবিতা পরিষদের তারিক সুজাত বলেন, দুই বছর আগে সৈয়দ হকের জন্মদিনের আয়োজনে তার ‘দৃষ্টিভূমিতে দীর্ঘ ছায়া’ শিরোনামে বক্তৃতাটি শুনেছিলেন তিনি।

“সে বক্তৃতায় আমি তার সাহিত্য জীবনের দর্শন যেমন পেয়েছি, তেমনিভাবে পেয়েছি সংগ্রামের অনুপ্রেরণা।”

বাংলা একাডেমির নানা কর্মকাণ্ডে ‘অসাধারণ ভূমিকা’ রাখায় সৈয়দ হকের প্রতি কৃতজ্ঞতা জানান একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

“ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি তখন শয্যাশায়ী। সে অবস্থায়ও তিনি শেক্সপিয়র অনুবাদ করলেন। সাহিত্যের প্রতি তার কতটা অনুরাগ আর ভালোবাসা থাকলে মৃত্যুকে তুড়ি মেরে সাহিত্যে নিমগ্ন থেকেছেন।”

১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণকারী সব্যসাচ্য লেখক সৈয়দ শামসুল হক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান গত ২৭ সেপ্টেম্বর।

কবির মৃত্যুর পর তার রচনাবলী সম্পাদনার কাজে যোগ দেওয়া অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, “তার সাহিত্যে শিল্পবোধের এত সূক্ষ্ম কারুকাজ! কাজটি মোটেও সহজ হবে না।”

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, “শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ এবং সৈয়দ হকের ‘আমার পরিচয়’ কবিতা দুটি পাশাপাশি রাখলে বাংলাদেশের সংবিধান একসঙ্গে দেখা যায়।”

২৭ ডিসেম্বর আর্টস ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত ‘আমি জন্মগ্রহণ করিনি’ থেকে পাঠ করেন কবি মুহম্মদ নূরুল হুদা।

সৈয়দ হকের মূল্যায়নে তিনি বলেন, “সৈয়দ শামসুল হক এক চিরঞ্জীব সত্তা, এক স্বপ্নদ্রষ্টা।”

জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ বলেন, “কবি দুই ধরনের হয়-  সাহিত্যের কবি আর বিশ্বলোকের কবি। সৈয়দ শামসুল হক এই দু ধরনের কবিই ছিলেন।

“কবিতা, প্রবন্ধ, সাহিত্য কিংবা অভিসন্দর্ভ-সব কিছুর মধ্যেই তিনি চিরদিন আমাদের মধ্যে থাকবেন।”

কবি হাবিবুল্লাহ সিরাজী বলেন, “সৈয়দ হক ছিলেন সাহিত্যের কৃষক, তিনি সাহিত্যের প্রতিটি জমিতে কর্ষণ করেছেন। তার মতো সৃষ্টিশীল সাহিত্যস্রষ্টা কখনও দেখা যায় না।”

পরে তিনি তার নিজের লেখা ‘মিলনে অপার আনন্দ’ কবিতাটি পাঠ করেন।

বক্তব্য পর্বে কবি কাজী শোনান তার ‘যখন তুমি আছো আইসিইউতে’, হাসান আরিফ শোনান ‘আমার পরিচয়’ কবিতাটি।