ভলিবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস্ সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবলে শিরোপা জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ তিন-শূণ্য সেটে কাজাকস্থানকে পরাজিত করে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, “এই আন্তর্জাতিক টুর্নামেন্টে শিরোপা জেতায় সরকার প্রধান দলের খেলোয়াড়, কোচ এবং ফেডারেশনের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।”
ক্রীড়াঙ্গনে সরকারের সঠিক পৃষ্ঠপোষকতার ফলেই ভলিবলে বাংলাদেশ এই ফল অর্জন করেছে বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন।
বাংলাদেশ ভলিবল দলের এই সাফল্য অব্যাহত থাকবে বলেও প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
রাবেয়া খাতুনকে শুভেচ্ছা
কথাসাহিত্যিক রাবেয়া খাতুনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাবেয়া খাতুনের ৮২তম জন্মদিনে প্রধানমন্ত্রী ফুল পাঠান। তার পক্ষে প্রেস সচিব ইহসানুল করিম বনানীতে রাবেয়া খাতুনের বাসায় ফুল নিয়ে যান।
জন্মদিনে শুভেচ্ছা জানানোয় রাবেয়া খাতুন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাবেয়া খাতুনের ছেলে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, কবি কাজী রোজী এসময় উপস্থিত ছিলেন।
