‘জঙ্গি নিয়ে সরকার শঙ্কিত নয়’
জঙ্গি দমনে যথেষ্ট প্রস্তুতি থাকায় সরকার বিষয়টি নিয়ে শঙ্কিত নয় বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সচিবালয়ে এক অনির্ধারিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “(জঙ্গি আস্তানা) এটাকে নিয়ে উদ্বেগ আছে, শঙ্কা নেই, আমরা শঙ্কিত নই।”
সম্প্রতি রাজধানীর আশকোনার জঙ্গি আস্তানায় প্রায় ১৬ ঘণ্টার পুলিশি অভিযানে জঙ্গিনেতা তানভীর কাদেরীর ছেলেসহ দুজন নিহত হয়। আহত অবস্থায় একটি শিশুকে উদ্ধারের পাশাপাশি আত্মসমর্পণ করেছেন নিহত আরেক জঙ্গি নেতা জাহিদুল ইসলামের স্ত্রীসহ চারজন।
এর আগেও বেশ কয়েকটি জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সাহস ও সফলতার সঙ্গে জঙ্গি দমনে কাজ করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “আমাদের সামর্থও আছে, সক্ষমতাও আছে। আমাদের কাউন্টার ইনটেলিজেন্ট অত্যন্ত বুদ্ধিমত্তা ও সাহসের পরিচয় দিয়েছে, কাজেই আমরা শঙ্কিত নই।
“আমারা উদ্বেগ রেখেই মোকাবেলার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি জনগণকে সঙ্গে নিয়ে। কারণ এ সম্প্রদায়িকতার এই বিষবৃক্ষই আমাদের উন্নয়নের অগ্রগতির পথে বাধা হতে পারে। কাজেই এ বিষবৃক্ষকে জনগণকে সাথে নিয়ে উপড়ে ফেলতে হবে।”
আশকোনার জঙ্গি আস্তানায় অভিযানের প্রসঙ্গে তিনি বলেন, “আত্মঘাতী নারী ও শিশু ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে একজন কিশোর পর্যন্ত আত্মঘাতী। এ বিষয়টি তো নতুন একটি মাত্রা যুক্ত করল।
“....সুইসাইড অ্যাটাকটা একটা নতুন মাত্রা আমাদের দেশে যুক্ত হল। এটা আমাদের জন্য বড় ধরনের সতর্ক বার্তা। এটা নিয়ে আমাদের উদ্বেগ তো অবশ্যই আছে, প্রস্তুতিও আছে।”
জঙ্গি দমন নিয়ে সরকার নাটক করছে- বিএনপির এমন অভিযোগের বিষয়ে কাদের বলেন, “২১ অগাস্ট তো আমরা নাটক করেছিলাম। তৎকালীন বিরোধীদলের নেতা নিজের ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিল এ কথাও তো বিএনপি বলেছে। তখন তারাই জজ মিয়া নাটক সাজিয়েছে।
“নাটক করা, নাটক সাজানো এটা তাদের রাজনীতি, আমার নাটক-টাটক জানি না। আমরা রাজনীতি করি, আমরা গায়ে পড়ে আত্মহত্যা করতে যাব কেন? কোনো দরকার আছে? আমরা ক্ষমতায় আছি, ভালভাবেই আছি। আমরা কেন জঙ্গি তৈরি করব? বিশৃঙ্খলা করে উন্নয়নকে ব্যহত করে কোনো সরকার?”
ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বুধবার অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়েও কথা বলেন।
