২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতাদের সঙ্গে এফটিপিওর বৈঠক

দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ‘জাতীয় স্বার্থ ও সংস্কৃতিবিরোধী’ অনুষ্ঠান বন্ধের দাবিতে চলা আন্দোলনের বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ফেডারেশন অফ টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) নেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2016, 12:46 AM

Updated : 11 Oct 2022, 09:30 PM

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয় বলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানিয়েছেন।

বৈঠকে এফটিএফওর আহ্বায়ক মামুনুর রশিদ, সদস্য সচিব গাজী রাকায়েত, সৈয়দ হাসান ইমাম, আহসান হাবীব নাসিম, মুজিবুর রহমান, আনিসুর রহমান মিলন, শিহাব শাহীন, নাদিয়া আহমেদ, ফিরোজ খান ও তানিয়া আহমেদ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও একেএম এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

আবদুস সোবহান গোলাপ জানান, বৈঠকে এফটিএফও নেতারা বিভিন্ন দাবি উপস্থাপন করেন এবং টেলিভিশন চ্যানেলগুলোতে জাতীয় স্বার্থ ও সংস্কৃতি বিরোধী অনুষ্ঠান বন্ধ করে দেশীয় শিল্প ও ঐতিহ্যকে সুরক্ষার দাবি জানান।

এসময় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ও বর্তমান সরকার বরাবরই বাঙালি শিল্প ও সংস্কৃতির উত্তরাধিকার এবং টেলিভিশনসহ দেশের সকল গণমাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অনুষ্ঠান নির্মাণ ও প্রচারে বদ্ধপরিকর। এ লক্ষে সরকার বিভিন্ন নীতিমালা প্রণয়ন করেছে এবং এই নীতিমালা পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করবে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সংস্কৃতিসেবী ও শিল্পীদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল মন্তব্য করে তিনি উত্থাপিত যৌক্তিক দাবি যেসব দাবি রয়েছে সেগুলো বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেবেন এফটিপিও নেতাদের আশ্বস্ত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

দেশের টিভি চ্যানেলগুলোতে বাংলায় ডাবিং করা বিদেশি সিরিয়াল প্রচার বন্ধসহ বিভিন্ন দাবিতে কিছুদিন থেকে আন্দোলন চালিয়ে আসছেন। আন্দোলনের অংশ হিসেবে কর্মবিরতি দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশসহ কয়েকটি টিভি চ্যানেলের সামনে বিক্ষোভ কর্মসূচিও পালন করেছেন তারা।