নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার আহ্বানে শেষ স্বর্ণ কিশোরী সম্মেলন
বাল্যবিয়ে ও ইভটিজিংসহ সব ধরনের নারী নির্যাতনের বিরুদ্ধে কিশোরীদের ‘প্রতিবাদী কণ্ঠস্বর’ হওয়ার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
শনিবার রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত ‘স্বর্ণ কিশোরী জাতীয় কনভেনশন ২০১৬’ এর সমাপনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
কিশোরীদের উদ্দেশে তারানা বলেন, “তোমাদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিজ্ঞা করতে হবে যে, বাংলাদেশে আর একটিও বাল্যবিবাহ হবে না, আর একটি মেয়েও আত্মহত্যা করবে না, কোনো মেয়ে কখনোই কোনো নির্যাতন বা ইভটিজিং মেনে নেবে না।
“ওরা প্রতিবাদী হবে এবং তোমরাই হবে ওদের কণ্ঠস্বর। জয় হোক তোমাদের।”
কনভেনশনে অংশ নেওয়া কিশোরীদের আলোকিত মানুষ বলে অভিহিত করেন এক সময়ের নাট্যাভিনেত্রী তারানা হালিম।
“তোমাদের প্রতিটি উপজেলায় যাদের কণ্ঠ আমাদের কানে যায় না, তোমরাই হবে তাদের কণ্ঠ এবং সে কণ্ঠটি কিন্তু আমি মৃদু শুনিনি, জোরালো কণ্ঠ শুনেছি। কাজেই সেই জোরালো কণ্ঠ আমাকে আশান্বিত করেছে। তোমরা অবশ্যই আলোকিত মানুষ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।”
কিশোরীদের মধ্যে অদম্য মেধা ও মনোবলের স্ফুরণ দেখার আশাবাদ ব্যক্ত করে তারানা বলেন, “আমি সেই কিশোরী দেখতে চাই তোমদের মাঝে- যার হাত না থাকুক, পা না থাকুক, যে খুড়িয়ে খুড়িয়ে হলেও গন্তব্যে যেতে পারে। আমি জানি তোমরা এটা পারবে কারণ তোমাদের মাঝে আছে উৎসাহ, উদ্দীপনা, স্বদেশ প্রেমের স্ফূরণ।
“মাদকের বিরুদ্ধে তোমাদের কণ্ঠস্বর উচ্চকিত রেখ, বাল্যবিবাহের বিরুদ্ধে তোমাদের কণ্ঠস্বর উচ্চকিত রেখো। বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস যদি কেউ কখনো বিকৃত করার সাহস না পায় সে বিষয়ে তোমরা সব সময় প্রথম সারিতে থেকো।”
তারানা হালিম আরও বলেন, “বাংলাদেশে যে গণহত্যা হয়েছিল, নারী নির্যাতন হয়েছিল এ প্রশ্নে তোমরা কখনো আপস করো না। এটি দেশের সাথে বেঈমানি করা হয়, বিশ্বাস ঘাতকতা করা হয়।”
দেশের ৪৯১ উপজেলার কিশোরীদের নিয়ে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন আয়োজিত এই কনভেনশনের সমাপনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও উপস্থিত ছিলেন।
পলক উপস্থিত কিশোরীদের ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কারিগর’ হিসেবে অভিহিত করে বলেন, “তোমরা বিশ্বকে জয় করবে।
“তোমাদের স্ব স্ব এলাকায় কিভাবে আমরা বাল্যবিবাহ বন্ধ করতে পারি, কিশোরী বয়সের স্বাস্থ্যগত ব্যাপার বিষয়ে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি, কিভাবে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে একটি স্বাস্থ্যবান বাংলাদেশ গড়তে পারি সে বিষয়ে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করবে।”
অনুষ্ঠানে ওএমআর ডিজিটাল পদ্ধতিতে নেওয়া পরীক্ষার প্রথম স্থান অর্জনকারী চাঁপাইনবাবগঞ্জের রংপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের তাহমিনা হককে ‘স্বর্ণ কিশোরী মেডেল’, সার্টিফিকেট ও আন্তর্জাতিক শিক্ষাবৃত্তি ছাড়াও সেরা তিন কিশোরীকে আজীবন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
শিক্ষাবৃত্তিপ্রাপ্ত বাকিরা হলেন- সুনামগঞ্জের ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের ছাত্রী ফারিহা ইসলাম তিফলা এবং ফরিদপুর এমএন একাডেমি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অর্পণা সরকার।
এছাড়াও সেরা ৩৫ কিশোরীকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও ‘স্বদেশ ট্যাব’ তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
