২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস চর্চায় সচেতনতার অভাব রয়েছে: সংস্কৃতিমন্ত্রী

বাংলা ও বাঙালির ইতিহাস চর্চায় সচেতনতার ‘অভাব’ রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2016, 07:31 PM

Updated : 20 Aug 2022, 02:33 PM

স্বাধীনতাবিরোধী অপশক্তি বিকৃত ইতিহাসের চর্চার মাধ্যমে দেশবাসীকে বিভ্রান্ত করে দেশকে অনেক পিছিয়ে নিয়ে গেছে বলেও মনে করেন এই সংস্কৃতিকর্মী।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ( টিএসসি) এক অনুষ্ঠানে তিনি বলেন, “স্কুল-কলেজে শিক্ষার্থীদের ইতিহাস পাঠে শিক্ষকদের আন্তরিকতার অভাব যেমন রয়েছে, তেমনি রয়েছে ধ্যান-ধারণাগত সমস্যা।

“পুঁথিগতবিদ্যায় সীমাবদ্ধ থাকলে শিক্ষার্থীরা সঠিক ইতিহাস জানতে পারবে না।”

বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর প্রথম ত্রি-বার্ষিক সম্মিলন- এ ‘৪৫ বছরে বাংলাদেশ’ শীর্ষক এই উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় স্বাধীনতা বিরোধীদের বিকৃত ইতিহাস ঠেকাতে সঠিক ইতিহাস চর্চার গুরুত্বের ওপর জোর দেন সংস্কৃতিমন্ত্রী নূর।

তিনি বলেন, “ইতিহাস পড়ার বা চর্চার গুরুত্ব অনস্বীকার্য। কিন্তু পূর্বে আমাদের দেশে সঠিক ইতিহাস চর্চার থেকে ইতিহাস বিকৃতি বা বিকৃত ইতিহাস চর্চাই হয়েছে বেশি। স্বাধীনতা সংগ্রামের পরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যে সংবিধান রচিত হয়েছিল সেখানে আমাদের অসাম্প্রদায়িক চেতনা, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা, সামাজিক ন্যায়বিচার, ধর্মনিরপেক্ষতাসহ বাঙালির সামগ্রিক বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

“কিন্তু ১৯৭৫ সালের ১৫ অগাস্টে জাতির পিতাকে হত্যার পর এদেশের সংবিধানকে ধ্বংস করা হয়; অত্যন্ত সুচতুরভাবে সংবিধানে পাকিস্তানি ভাবধারা সংযোজন করা হয়। এভাবেই শুরু হয় বিকৃত ইতিহাস চর্চা।”

সংস্কৃতিমন্ত্রীর অভিযোগ, “ইতিহাসের বিকৃতি চর্চার মাধ্যমে স্বাধীনতাবিরোধী অপশক্তিটি দেশবাসীকে বিভ্রান্ত করে দেশকে অনেক পিছিয়ে নিয়ে গেছে।

“চতুরতার মাধ্যমে এদেশের মানুষকে বিশেষ করে তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে ও চর্চা করতে দেয়নি ঐ কুচক্রিমহল। ফলে দেশে ধীরে ধীরে মৌলবাদ ও জঙ্গিবাদের বিস্তার ঘটেছে।”

তরুণ প্রজন্মকে প্রকৃত ইতিহাস জানানো ও তা চর্চায় উদ্বুদ্ধ করতে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে ‌এক্ষেত্রে তার মন্ত্রণালয় সহযোগিতা করতে ‘প্রস্তুত’ বলে জানান আসাদুজ্জামান নূর।

বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন এ সম্মিলনে সভাপতিত্ব করেন; স্বাগত বক্তব্য দেন সম্মিলনীর সাধারণ সম্পাদক অধ্যাপক মেসবাহ কামাল।

স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পাঠ ইস্যুতে কাজ করতে গিয়ে বাংলাদেশ ইতিহাস সম্মিলনি নানা জটিলতার মুখোমুখি হয়েছে বলে অভিযোগ করেন মুনতাসীর মামুন। শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা না পাওয়ায় হতাশা ও ক্ষোভও প্রকাশ করেন এই অধ্যাপক।

এ সম্মিলনে বিভিন্ন কলেজ- বিশ্ববিদ্যালয়ের ২০০ জন ডেলিগেট অংশ নেন।

সম্মেলনের উদ্বোধনীর পর সাহিত্য, উন্নয়ন ও তথ্য প্রযুক্তি, সমাজ ও সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও বহির্বিশ্ব, প্রতিষ্ঠান ও সংরক্ষণ-শিরোনামে ছয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়।