২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদি বুড়িগঙ্গা দখল উচ্ছেদ শুরু

আদি বুড়িগঙ্গা চ্যানেল দখল করে তৈরি করা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে, প্রথম দফায় ইসলামবাগের টাংকিঘাট থেকে রায়েরবাজারের শিকদার মেডিকেল পর্যন্ত পাঁচ কিলোমিটারজুড়ে এ অভিযান চলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2016, 10:12 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটিএ এই উচ্ছেদ অভিযানে রয়েছে।  অভিযানে আবর্জনাও পরিষ্কার করা হবে।

বিআইডব্লিউটিএর দুটি এক্সকেভেটর বর্জ্য অপসারণের কাজ করবে। আর সিটি করপোরেশনের ২০টি ট্রাক দিয়ে ময়লা আবর্জনাগুলো ফেলা হবে মাতুয়াইল ল্যান্ডফিলে। আগামী তিন মাস ধরে এ কাজ চলবে।

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বৃহস্পতিবার ইসলামবাগের টাংকিঘাটে এ কর্মসূচির উদ্বোধন করেন।

নদী দখল ঠেকাতে সরকার আরও কঠোর হবে জানিয়ে মন্ত্রী শাহজাহান খান বলেন, “উচ্ছেদ করার পরও কেউ নদী দখল করলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

“নদী কারও বাপ-দাদার সম্পত্তি না যে, দখল করে ফেললাম। এটা জনগণের, সরকারের। আমরা আর নদী দখল করতে দেব না। দখল করে একজন, আর ক্ষতি হচ্ছে শত মানুষের।”

নদী দখল করে গড়ে তোলা স্থাপনা বাঁচাতে সেসব জায়গায় মসজিদ, মন্দির গড়ে তোলার সমালোচনা করে শাহজাহান খান।

তিনি বলেন, “আলেম-ওলামাদের সঙ্গে কথা বলে জেনেছি এভাবে মসজিদ তৈরি করার কোনো বিধান নেই। ওয়াকফ করা সম্পত্তিতে মসজিদ বানাতে হয়।

“যারা এসব মসজিদে নামাজ পড়ছেন, আলেম-ওলামাদের মাধ্যমে তাদের জিজ্ঞেস করতে চাই, আমরা যে এ মসজিদগুলোতে নামাজ পড়ি, এ নামাজ হয় কি-না। তাহলে কেন আপনারা এসব মসজিদ নদীর মধ্যে করেছেন? অবৈধভাবে করা বাড়ি এবং স্থাপনা উচ্ছেদ ঠেকাতে মসজিদকে একটা ঢাল হিসেবে ব্যবহার করছে দখলদাররা।”

নদীতে ময়লা আবর্জনা না ফেলতে সবার প্রতি অনুরোধ জানান শাজাহান খান।

অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন বলেন, “আজকে আমরা এখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গাটা কী? এটা বুড়িগঙ্গার অংশ। এখানে প্রথমে ময়লা আবর্জনা ফেলা হয়েছে। এরপর বিভিন্ন জায়গা থেকে মাটি ফেলা হয়েছে। উদ্দেশ্য নদী দখল করা।”

দখলবাজদের দৌরাত্ম্যে বুড়িগঙ্গা মৃতপ্রায় হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, এদের মধ্যে অনেক জনপ্রতিনিধিও আছেন।

তবে দখলবাজ যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন মেয়র।

“অনেক জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ রয়েছে অবৈধ দখলের। জনপ্রতিনিধি যত শক্তিশালী হোক, যে পর্যায়েরই হোক আইনের ঊর্ধ্বে নয়। যদি কোনো জনপ্রতিনিধি অবৈধভাবে নদী দখলের চেষ্টা করেন, আমরা আজকের সভা থেকে বলতে চাই,আইন তার নিজস্ব গতিতে চলবে,” বলেন তিনি।