২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় ২০০০ টেলিফোন অচল

উন্নয়ন কাজে সড়ক খননে ভূগর্ভস্থ কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় উত্তরার আজমপুরে দুই হাজার টেলিফোন অচল হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2016, 06:56 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

বৃহস্পতিবার টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, আজমপুর রেললাইন ক্রসিং এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তর ১৯ ডিসেম্বর রাস্তা সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজে রাস্তা খননের সময় বিটিসিএলের ৪৮০০ জোড়ার ভূগর্ভস্থ প্রাইমারি টেলিফোন কেবল এবং দক্ষিণখান অনু এক্সচেঞ্জের অপটিক্যাল ফাইবার কেবল ক্ষতিগ্রস্ত হয়।

এর ফলে উত্তরা টেলিফোন বিভাগের আওতাধীন দক্ষিণখান শামুবাগ, কাঁচকুড়ার চালাবন, দক্ষিণখান বাজার, তেঁতুল তলা, বালুর মাঠ, ইয়াছিন মার্কেট, সুপার মার্কেট, হাজীপাড়া, মুক্তিযোদ্ধা সরনি, কাঁচা বাজার ও ব্রাক মার্কেট এলাকাস্থ ১৫টি কেবিনেটের আওতায় ১৭৯৭ টি টেলিফোন এবং অনু এক্সচেঞ্জের ৩০১টিসহ মোট ২০৯৮টি টেলিফোন বিকল হয়ে পড়ে।

ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কেবল মেরামতের কাজ শুরু করা হয়েছে এবং আগামী ৭ (সাত) দিনের মধ্যে টেলিফোনগুলো পুনরায় চালু করা সম্ভব হবে বলে জানিয়েছে বিটিসিএল।