২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৪ মাস পর্যন্ত অর্জিত ছুটি মঞ্জুরের ক্ষমতা পেল মন্ত্রণালয়

প্রশাসনিক কাজে গতি আনতে উপসচিব থেকে জ্যেষ্ঠ সচিব এবং প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের চার মাস পর্যন্ত অর্জিত ছুটি মঞ্জুরের ক্ষমতা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের হাতে দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2016, 12:17 AM

Updated : 20 Aug 2022, 02:32 PM

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে তার অধীনস্ত কর্মকর্তাদের অর্জিত ছুটি মঞ্জুরের ক্ষমতা দিয়ে বুধবার পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অর্জিত ছুটি মঞ্জুরের ক্ষমতা বিভাগীয় কমিশনারদের হাতে থাকলেও অন্য কর্মকর্তাদের এই ছুটি মঞ্জুর করত জনপ্রশাসন মন্ত্রণালয়।

পরিপত্রে বলা হয়েছে, প্রশাসনিক কাজে গতি আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত কর্মচারীদের অর্জিত ছুটি মঞ্জুরের ক্ষমতা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের হাতে অর্পণ করা হল।

কোনো মন্ত্রণালয় বা বিভাগ তার অধীনস্ত প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বা উপসচিব থেকে জ্যেষ্ঠ সচিব পর্যন্ত কর্মকর্তাদের অর্জিত ছুটি একনাগারে চার মাস পর্যন্ত মঞ্জুর করতে পারবে।

তবে কোনো কর্মকর্তার তিন মাস বা তার বেশি দিন অর্জিত ছুটি মঞ্জুর করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে হবে।

পরিপত্র অনুযায়ী, উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত কর্মকর্তাদের দেশের অভ্যন্তরের অর্জিত ছুটি মন্ত্রণালয় বা বিভাগের সচিব মঞ্জুর করবেন। আর জ্যেষ্ঠ সচিব ও সচিবদের অর্জিত ছুটি মঞ্জুর করবেন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী।

কোনো কর্মকর্তার চার মাসের বেশি অর্জিত ছুটি মঞ্জুরের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুপারিশসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে হবে।