রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি প্রতিনিধি দলের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একটি প্রতিনিধি দল।
বুধবার সন্ধ্যায় নোবিপ্রবি উপাচার্য এম অহিদুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধি দল বঙ্গভবনে যায় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা জানায়, পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ হচ্ছে।
“প্রতিনিধি দল জানায়, বাংলাদেশ অ্যান্ড লিবারেশন ওয়ার স্টাডিজ নামে নতুন বিভাগ চালু করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে।”
সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এখন উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানব সম্পদ প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্ব চাহিদার আলোকে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বানও জানান তিনি।
