২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জঙ্গি কর্মকাণ্ডে সহানুভূতি তৈরির প্রপাগান্ডাও হচ্ছে’

দেশে ‘মৌলবাদী’ (র্যা ডিকেল) গোষ্ঠী উগ্র মতবাদ ছড়াতে ও তাদের কর্মকাণ্ডের পক্ষে সমর্থন তৈরিতে জনগণের আর্থ সামাজিক অবস্থান ভেদে ভিন্ন ভিন্ন ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে বলে অনুসন্ধানে পাওয়ার কথা জানিয়েছে বেসরকারি একটি সংস্থা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 11:21 PM

Updated : 12 Apr 2022, 03:33 AM

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে এসব কথা জানায় বেসরকারি সংস্থা ‘স্বপ্নের দেশ’।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির ক্যাম্পেইন ম্যানেজার মোমিনুল আমিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৫ বছরে বাংলাদেশের কোথায় র্যা ডিক্যালাইজড হওয়ার ঘটনা ঘটেছে সেটি গুরুত্ব দিয়ে দেখে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে উচ্চতর ঝুঁকির ক্যাটাগরিতে ও রাজবাড়ীর বহরপুর ডিগ্রি কলেজকে নিম্নতর ঝুঁকির ক্যাটাগরিতে রেখে প্রায় সাড়ে ৫ শতাধিক শিক্ষার্থীর উপর একটি জরিপ চালানো হয়েছে।”

সেখানকার শিক্ষার্থীদের একটি কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ করে দিয়ে র্যা ডিক্যাল গোষ্ঠী সমাজে যাদের লক্ষ্য করে প্রচারণা করছে তাদের শ্রেণীবিন্যাস ও কি পরিমাণ বার্তা দিচ্ছে এবং বার্তার ধরণ খুঁজে বের করা, অঞ্চল ভেদে বার্তার ধরণ এবং মাত্রা নির্ণয় করা, র্যা ডিক্যাল গোষ্ঠীর প্রচারণার বিরুদ্ধে তথ্য নির্ভর সর্বাধিক কার্যকর ব্যাখার ধরণ এবং প্রচারণার মাধ্যম ভেদে এর কার্যকারিতা পরিমাপ করা হয়েছে বলেও জানান মোমিনুল আমিন।

মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে মোমিনুল আমিন বলেন, উচ্চতর ঝুঁকিতে থাকা ৪৯ শতাংশ শিক্ষার্থী ও নিম্নতর ঝুঁকিতে থাকা ২৬ শতাংশ শিক্ষার্থীর মাঝে জঙ্গিবাদের বার্তা পৌঁছেছে বলে জরিপে উঠে এসেছে।

সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি সৃষ্টি ও এ ধরনের কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানাতেই র্যা ডিক্যাল গোষ্ঠী প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে বলেও জরিপে উঠে আসার কথা বলা হয় সংবাদ সম্মেলনে।

উগ্র মৌলবাদী গোষ্ঠী তিনটি বিষয়কে তাদের প্রচারণার লক্ষ্য ঠিক করেছে বলে জানান মোমিনুল আমিন।

এই তিন প্রচারণার বিষয়ের মধ্যে গণতন্ত্রকে ‘শিরক’ বলা, পশ্চিমা বিশ্ব ইসলামকে আক্রমণ করছে দেখানো এবং তাদের (জঙ্গিগোষ্ঠীর) কর্মকাণ্ড ইসলামকে রক্ষার জন্য বোঝানো রয়েছে।

মোমিনুল আমিন জানান, এই তিন প্রচারণার বিরুদ্ধে তাদের সংগঠন কাজ করছে।

জরিপের বরাত দিয়ে তিনি বলেন, নিম্নতর ঝুঁকিতে থাকা ৮৭ শতাংশ শিক্ষার্থী ও উচ্চতর ঝুঁকিতে থাকা ২৪ শতাংশ শিক্ষার্থী মনে করেন তারা জঙ্গিবাদের যে বার্তা পেয়েছেন তা বাস্তবসম্মত।

এক্ষেত্রে নিম্নতর ঝুঁকিতে থাকা ৬৭ শতাংশ শিক্ষার্থী ও উচ্চতর ঝুঁকিতে থাকা ৪০ শতাংশ শিক্ষার্থী মনে করেন যথাযথ তথ্য নির্ভর সর্বাধিক কার্যকর ব্যাখ্যার প্রচারণাই র্যা ডিক্যালাইজড গোষ্ঠীর প্রচারণার বিরুদ্ধে ভূমিকা রাখতে পারে।

এছাড়া উচ্চতর ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের আচরণগত পরিবর্তনের শুরুতেই পারিবারিক হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ সমাধান হতে পারে বলেও মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে পরামর্শ দেন মোমিনুল আমিন।

সংবাদ সম্মেলনে তারকারাও

সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ক্রীড়া, সংগীত ও নাট্য জগতের তারকারাও জঙ্গিবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেছেন।

বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম বলেন, “আমি অনেক দেশ ভ্রমণ করেছি। বাংলাদেশের মতো শান্তির-সম্প্রীতির ও নিরাপদ অন্য কোনো দেশকে মনে হয় নি। এমন দেশকে আমরা জঙ্গিবাদের পথে ঠেলে দিতে পারি না। সবার অংশগ্রহণে এ দেশ এগিয়ে যাচ্ছে। নিজের সন্তান, তরুন-যুবকদের প্রতি সজাগ দৃষ্টি রাখা সবার উচিত।”

সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ বলেন, “৩৫ বছর সঙ্গীত পেশায় জড়িয়ে রয়েছি। সবাইকে নিয়েই সফলতা-ব্যর্থতা। কারো একার এ দেশ নয়। একটি জাতির পরিচয় তাদের সংস্কৃতি। সামগ্রিক অংশীদারিত্বের এ দেশ কিছু লোকের কারণে জঙ্গিবাদের পথে যেতে পারে না। স্ব স্ব ধর্ম পালনই আমাদের সংস্কৃতির অংশ।”

অভিনেত্রী তাজিন আহমেদ বলেন, “জঙ্গিবাদের উৎস কোথায় তা আমরা সবাই জানি। তা গুঁড়িয়ে দিতে হবে। একদিনের বাঙ্গালি আমরা নই। প্রত্যেকটা দিনই আমরা বাংলা সংস্কৃতি ধারকবাহক হতে চাই।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে এশিয়ান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আব্দুল্লাহ এম তাহের, যমুনা টিভির সৈয়দা সাদিয়া মেহজাবিন, ডা. গাজী গিয়াস উদ্দীন, স্বপ্নের দেশ এর সমন্বয়ক খালিদ ইমতিয়াজ রহমান উপস্থিত ছিলেন।