আধুনিক সীমান্ত ব্যবস্থাপনার লক্ষ্য বিজিবি প্রধানের
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা গড়ার লক্ষ্যে কাজ করবেন তিনি।
২০ ডিসেম্বর বিজিবি দিবস সামনে রেখে রোববার বাহিনীর সদরদপ্তরে এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। ১৬ নভেম্বর বিজিবির দায়িত্বভার গ্রহণ করেন আবুল হোসেন।
একটা দেশের বর্ডার সুরক্ষিত করতে হলে অনেকগুলো চ্যালেঞ্জ থাকে জানিয়ে তিনি বলেন, “বর্তমান বিশ্বের কনসেপ্ট হচ্ছে মডার্ন বর্ডার ম্যানেজমেন্ট। সেটা কীভাবে করা যায়? উন্নত দেশ কীভাবে করে, যেমন বর্ডার রক্ষা বাহিনী থাকে। তার সাথে সাথে বর্ডার রোড অথবা সার্কুলার রোড, রিং রোড যা-ই বলেন না কেন।
“সেটা (রাস্তা) পুরো বর্ডারব্যাপী থাকে উন্নত দেশে। আমাদের যে কাউন্টার পার্ট যেমন ভারত ও মিয়ানমারের বর্ডার রোড আছে। আমরা এখনও বর্ডার রোড করতে পারিনি- এটা বিরাট চ্যালেঞ্জ আমাদের জন্য। কারণ বর্ডার ম্যানেজমেন্ট করতে হলে বর্ডার রোডের খুব প্রয়োজন।”
বিজিবি মহাপরিচালক বলেন, “মডার্ন বর্ডার ম্যানেজমেন্টে যেসব সরঞ্জামাদি আছে, সেগুলো আমরা ব্যবহার করার পরিকল্পনা করছি। আমরা হয়তো যে সমস্ত ক্রিটিক্যাল জায়গা আছে সে জায়গাগুলোতে যাব।”
বিজিবি পুনর্গঠন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ২০১০ সালে আমাদের বিজিবির পুনর্গঠন হয়েছে। এর প্রথম ধাপ প্রায় শেষের পথে। পূনর্গঠনে বিজিবিকে দক্ষিণ-পূর্ব, উত্তর-পূর্ব, পশ্চিম-উত্তর ও পশ্চিম-দক্ষিণ রিজিয়নে ভাগ করা হয়েছে।
আগে ১২টি সেক্টর থাকলেও বর্তমানে ১৬টি সেক্টর। নতুন ১৫টি ব্যাটালিয়ন গঠন করা হয়েছে।
আগে প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত অরক্ষিত ছিল জানিয়ে তিনি বলেন, সেখান থেকে ৪৬৯ কিলোমিটার সীমান্ত সুরক্ষার আওতায় আনা হয়েছে।
২০০৯ সালে জওয়ানদের বিদ্রোহের পর বিডিআর থেকে বিজিবি-নাম পরিবর্তনেই কি সীমাবদ্ধ, এ প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, কাজের ধরনেও পরিবর্তন এসেছে তাদের।
“আগে শুধু সদরদপ্তর ছিল আর সেক্টর ছিল। এখন বিকেন্দ্রীকরণ করা হয়েছে অর্থাৎ কমান্ড চ্যানেলের বিকেন্দ্রীকরণ করা হয়েছে। আগে ডিজি এবং সেক্টর ছিল গ্রাউন্ড লেভেলে। এখন ডিজি থেকে রিজিয়ন যাচ্ছে তারপর রিজিয়ন থেকে সেক্টর ও ব্যাটালিয়নগুলোতে কমান্ড করছে।”
বিদ্রোহের ঘটনায় সাজা খেটে বেরিয়ে আসাদের ওপর নজরদারি রয়েছে বলে জানান তিনি।
মিয়ানমারে সহিংসতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়া হলেও তাদের প্রতি ‘মানবিক আচরণ’ করা হয় বলে জানান বিজিবি প্রধান।
সোমবার বর্ডার গার্ড দিবস
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ ডিসেম্বর মঙ্গলবার বিজিবি দিবস উপলক্ষে সকাল সাড়ে ৭টার দিকে পিলখানায় বিজিবি মহাপরিচালক বাহিনীর রেজিমেন্টাল পতাকা উত্তোলন করবেন। সকালেই ‘সীমান্ত গৌরব’ এ পুষ্পস্তবক অর্পণ করে বাহিনীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৯টার দিকে পিলখানায় বিজিবি সদরদপ্তরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
আনুষ্ঠানিক কুচকাওয়াজ শেষে প্রধানমন্ত্রী বেলা সোয়া ১২টায় পিলখানায় বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে আয়োজিত দরবারে বিজিবি সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।
