নিখোঁজ অনেকে চলে আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সাম্প্রতিক সময়ে নিখোঁজ হওয়া অনেকে স্বেচ্ছায় পরিবারের কাছে ফিরে আসছেন।
রোববার রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, “নিখোঁজ অনেকে চলে আসছে কিংবা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী খুঁজে অনেকগুলোকে নিয়ে আসছে। কাজেই নিখোঁজ শব্দটি নেই।”
গত জুলাইয়ে গুলশানের হলি আর্টিজান ক্যাফে এবং শোলাকিয়ায় ঈদ জামাতের কাছে হামলাকারীরা কয়েক মাস ধরে নিখোঁজ ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।
এরপর সারা দেশে নিখোঁজদের সন্ধানের নামে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাবের পক্ষ থেকে প্রথমে কয়েকশ নিখোঁজের তালিকা প্রকাশ করা হলেও পরে তা কমিয়ে অর্ধশতকের কাছাকাছিতে আনা হয়।
এরপর বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযানে নিখোঁজদের অনেকে নিহত ও গ্রেপ্তার হন।
এরমধ্যে গত ১ ডিসেম্বর রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন চার তরুণ- সাফায়েত হোসেন, জায়েন হোসেন খান পাভেল, সুজন ও মেহেদী হাওলাদার।
মেহেদীর বাবা জাহাঙ্গীর হাওলাদারের সঙ্গে রোববার রাতে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেহেদীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে কারো কাছ থেকেও কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।”
এখনও সাফায়াতেরও কোনো খোঁজ না পাওয়ার কথা জানিয়েছেন তার এক স্বজন।
