আরেক মামলায় জামিন নিলেন তাহমিদ
গুলশান হামলা তদন্তে পুলিশের তলবে সাড়া না দেওয়ার অভিযোগের মামলায় জামিন পেয়েছেন তাহমিদ হাসিব খান।
ওই হামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার ঢাকার এই ব্যবসায়ীপুত্র এর আগে ৫৪ ধারার অভিযোগের মামলায় থেকে অব্যাহতির পর কারাগার থেকে ছাড়া পেয়েছিলেন।
তাহমিদ রোববার ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ওই আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রণপ কুমার ভক্ত।
এর আগে গত ১৬ নভেম্বর ঢাকা মহানগর হাকিম হাকিম নুর নবী ১৮ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির হওয়ার তাহমিদের নামে সমন জারি করেছিলেন।
হলি আর্টিজান বেকারিতে জিম্মিদশা থেকে মুক্তির পর সন্দেহভাজন হিসেবে তাকে পুলিশ গ্রেপ্তার করলেও সন্ত্রাস দমন আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখায়নি। তাকে ৫৪ ধারায় আটক দেখানো হয়েছিল।
