২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রধানমন্ত্রীর সঙ্গে শিল্পী-সংস্কৃতিকর্মীদের যোগসূত্র ছিলেন শাকিল’

মাহবুবুল হক শাকিল শিল্পী ও সংস্কৃতি অঙ্গনের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর যোগাযোগের সেতুবন্ধন হিসেবে কাজ করতেন বলে মন্তব্য করেছেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2016, 10:27 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

সদ্য প্রয়াত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিলের স্মৃতিচারণ করে তিনি বলেছেন, “মানুষের প্রতি সম্মান, বন্ধুদের প্রতি আন্তরিকতা তাকে সম্মানের জায়গায় বসিয়েছিল।

“তিনি মানুষের সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে তা সমাধানের চেষ্টা করতেন।”

রোববার বাংলা একাডেমিতে এই স্মরণ সভায় সভাপতির বক্তব্যে শাকিলকে প্রতিভাবান সাহিত্যিক অভিহিত করেন অধ্যাপক আনিসুজ্জামান।

তিনি বলেন, “জীবনের মধ্য গগণে এসে আলো নিভিয়ে চলে গেল প্রতিভাবান সাহিত্যিক শাকিল।”

শাকিলের স্মৃতিচারণ করে তিনি বলেন, “একজন মানুষ সকলকে ভালোবাসত, কিন্তু সকলের ভালোবাসা না নিয়ে চলে গেল। শাকিলের সান্নিধ্যে যারা এসেছে, তারাই তার আন্তরিকতা ও  ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছে।

‘‘তার মতো বড় হৃদয়ের মানুষ আমরা খুব কমই দেখতে পাই। শাকিলকে ভোলা অসম্ভব। সে অনেক কাল আমাদের মধ্যে বেঁচে থাকবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা মাহবুবুল হক শাকিল ছিলেন ছাত্রলীগের নেতা, রাজনীতির পাশাপাশি কবিতা লিখতেন তিনি।

গত দুই বছর বইমেলায় কবিতার বই বেরিয়েছে তার। প্রধানমন্ত্রীর সহকারীর গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেই বইমেলার নিয়মিত মুখ ছিলেন শাকিল। ঢাকার শিল্পী, কবি-সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক ও সংস্কৃতিকর্মীদের অনেকের ঘনিষ্ঠজন হয়ে উঠেছিলেন তিনি।

গত ৬ ডিসেম্বর গুলশানের একটি রেস্তোরাঁয় ৪৭ বছর বয়সী শাকিলের মৃতদেহ পাওয়া যায়।

তার স্মরণে বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এই সভার আয়োজন করে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।

বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, “শাকিলের চরিত্রে একদিকে ছিল উচ্ছ্বাসময়তা, অন্যদিকে দুঃখভরা বেদনা। তার মধ্যে সব সময় এক রকম রহস্যময়তা, অস্থিরতা কাজ করত।

“সে খুব বড় রাজনীতিক ছিল না, কিন্তু মানুষের ভালোবাসা অর্জন করেছিল। তাকে হারিয়ে পুরো জাতি ব্যথিত হয়েছে।”

সভার আয়োজক সংগঠনের সভাপতি ও প্রকাশক ওসমান গণি বলে, “শাকিল খুব কম দিনের মধ্যেই মানুষকে আপন করে নিতেন। বাংলা সাহিত্যের নতুন সম্ভাবনা ছিলেন তিনি।কিন্তু অল্প সময়ে তাকে হারাব আমরা কখনও তা ভাবিনি।“

শাকিলকে নিয়ে একটি স্মারকগ্রন্থ বের করার আশা প্রকাশ করে তার সঙ্গের স্মৃতি লিখে জমা দেওয়ার আহ্বান তিনি।

শাকিলকে নিয়ে লেখক আনিসুল হক বলেন, ‘‘এক আশ্চর্য শক্তি তার মধ্যে ছিল- তার মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না, সবাইকে তিনি অসম্ভব রকমের ভালোবাসতেন। বাবার মৃত্যুতে যেমন কষ্ট পেয়েছিলাম তেমনি কষ্ট শাকিলের মৃত্যুতে পেয়েছি।”

স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘‘একদিন রাতে একটি কবিতা লিখে আমাকে পড়ে শুনিয়েছেন। শুনতে না চাইলেও জোর করে শুনাত শাকিল।

“তিনি অসম্ভব গুণী একজন কবি ছিলেন। তার মৃত্যু এক সৃজনশীল শিল্পীর শহীদ বলে মনে করি।”

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, মাহবুবুল হক শাকিল ছাত্রলীগ কর্মীদের সুখ দুঃখের খোঁজ খবর নিয়ে প্রধানমন্ত্রীকে জানাতেন।

“যখনই কেউ হতাশ ও নিরাশ হতেন তখন তিনি তার কাঁধে হাত রেখে সাহস যোগাতেন। তার অকালে চলে যাওয়া মেনে নেওয়া খুবই কষ্টাদায়ক।

“যখনই তার মধ্যে সাহিত্যিক প্রতিভার প্রকাশ পাচ্ছে, তখনই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।”

স্মরণ সভায় অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল  ইসলাম, অধ্যাপক ফখরুল আলম ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায় শাকিলের স্মৃতিচারণ করে বক্তব্য দেন।