২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হজ ফ্লাইটে তৃতীয় এয়ারলাইন্স নিয়ে বৈঠক ‘শিগগির’: বিমানমন্ত্রী

হজযাত্রী পরিবহনে তৃতীয় এয়ারলাইন্স চালু নিয়ে ‘শিগগিরই’ সংশ্লিষ্টদের সঙ্গে বসা হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী রাশেদ খান মেনন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2016, 01:08 AM

Updated : 20 Aug 2022, 02:30 PM

হজ এজেন্সিজ অব বাংলাদেশ (হাব) এর আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘দশম হজ ও ওমরা ফেয়ার’র সমাপনী অনুষ্ঠান শেষে শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “হজযাত্রী পরিবহনে তৃতীয় এয়ারলাইন্স চালু একটি দীর্ঘদিনের দাবি। এই দাবি নিয়ে কোর্ট একটা রায় দিয়েছে। সুতরাং নিশ্চিত মতামতের ভিত্তিতে কী হবে তা বের করতে হবে।

“কী হবে তা এখনও বলতে পারছি না। আশা করি, শিগরিগরই বিভিন্ন মিটিংয়ে বসার পর কী হবে তা বের হয়ে আসবে।”

২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত হজযাত্রী পরিবহনে যে কোনো এয়ারলাইন্সে যাওয়ার স্বাধীনতা ছিল। ওই সময়ে হজযাত্রী পরিবহনে কোনো জটিলতা তৈরি হয়নি।

এরপর ২০১২ সাল থেকে দুটি এয়ারলাইন্স নির্বাচন করে দেওয়ায় তখন থেকে হজের ফ্লাইট বিলম্ব, বাতিল ও টিকেট কালোবাজারি ঘটতে থাকে, যার প্রভাব দেখা যায় চলতি হজেও।

Image
(ফাইল ছবি)

(ফাইল ছবি)

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে চুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর অর্ধেক বহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি অর্ধেক করে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স এবং নাস এয়ারওয়েজ।

সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে তৃতীয় এয়ারলাইন্স চালুর নির্দেশনা দেওয়া হয়। এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানান হাবের নেতারা।

গত মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে হাব নেতারা স্বল্প সময়ের মধ‌্যে হজের প্রাক-নিবন্ধন শুরুরও তাগাদা দেন।

মেলার সমাপনী অনুষ্ঠানে বিমানমন্ত্রী মেনন বলেন, “যারা হজে লোকজনকে যেতে সাহায্য করেন তারা মনে করেন, এটা ‘আল্লাহর মেহমানদের’ খিদমত করছেন। এখানে আন্তরিকতা, স্বচ্ছতা ও বিশ্বাস রেখে কাজ করতে হবে।”

গত দুই বছর যারা হজে যেতে চেয়ে ব‌্যর্থ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে তাদের হজে নেওয়ার ব‌্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে হাবের সভাপতি ইব্রাহিম বাহার, মহাসচিব শেখ আবদুল্লাহসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।