২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহাত্তরের রুশ নৌ-সেনাদের স্মরণ

যুদ্ধ শেষ, কিন্তু সমুদ্রপথে রয়ে গেছে বিস্ফোরক মাইন, জলপথে বিপদ। বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের অনুরোধে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বঙ্গোপসাগরে পাঠায় প্রকৌশলী আর নৌ-সেনাদের বহর। ১৯৭২-৭৪ সময়কালে ‘ডিমাইনিং অ্যান্ড রেসকিউ’ অপারেশনে বিপদমুক্ত হয় জলপথ, কিন্তু প্রাণ দেন ৮৫০ রুশ সেনা ও প্রকৌশলী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 11:30 PM

Updated : 20 Aug 2022, 02:29 PM

ইতিহাসের সেই ঘটনাবৃত্ত ফুটে উঠল ঢাকায় আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীতে; ফ্রেমে-ফ্রেমে ফুটে উঠল বন্ধুত্বের নিদর্শন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে এই প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মুক্তিযুদ্ধ একাডেমি আয়োজিত ‘মুক্তিযুদ্ধ উৎসব’ এর অংশ হিসেবে চলছে এই প্রদর্শনী।

‘ডিমাইনিং অ্যান্ড রেসকিউ’ অপারেশনে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রকৌশলী ও নৌ সেনাদের সম্মাননা জানায় একাডেমি। পাশাপাশি সম্মাননা জানানো হয়েছে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের।

সম্মাননাপ্রাপ্তরা হলেন, মিশনের ইঞ্জিনিয়ার সার্ভিসের সিনিয়র প্রকৌশলী ভিক্টর পাভলোভিচ কজুরিন, সিনিয়র অ্যাসিস্টেন্ট টু দ্য কমাণ্ডার অফ এ মাইনস উইপার ভ্লাদিমির আলেক্সান্দ্রোভিচ কারমাইশেভ, কমান্ডার অফ ইলেকট্রো-মেকানিক কমবেট ইউনিট-৫ আলেক্সান্ডার কাজমিচ চুকানিন, ডেপুটি কমান্ডার অফ শিপ রাইজিং টিম নিকোলাই নিকোলাভিচ ক্লসকভ।

পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন- সৈনিক ভিপি কজুরিনের স্ত্রী রাইসা আলেক্সান্ডার পেট্রোভা, সৈনিক ভি এ কারামাইসহেভের স্ত্রী আলা এফগিনেভনা কারমাইশেভ, এ কে চুকানিনের স্ত্রী নিনা নিকোলাইভনা চুকানিনা, এন এন কলস্কোভের স্ত্রী নাটালিয়া ইউরেভনা কলোস্কোভা, স্পেশাল পারপাজ এক্সপেডিশন-এর প্রধান প্রকৌশলী ভি এ মলকানোভের স্ত্রী আনা মিসালোভনা মোলসানোভা।

প্রকৌশলী ভিক্টর পাভলোভিচ কজুরিন তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাস বড় গর্বের। আমরা সেই গর্বের অংশীদার হতে পেরে যারপরানই আনন্দিত।”

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “মুক্তিযুদ্ধের সময় সক্রিয় আর বলিষ্ঠ বন্ধুর ভূমিকা রেখেছিল রাশিয়া। প্রথমত সপ্তম নৌবহরকে ঠেকিয়ে, আমেরিকাকে ভেটো দিয়ে বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করেছে তারা।

“তারপর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের কাজে যেমন সহযোগিতা করেছে, তেমনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, মেধাবী শিক্ষার্থীদের উচ্চতর পড়াশোনার সুযোগ দেওয়া ও বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা করেছে রাশিয়া।”

‘উত্তরের দেশ’ রাশিয়ার নানা অবদানে কৃতজ্ঞতা প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, “আমাদের শুধু পূর্ব-পশ্চিমের দরজা খোলা রাখলে চলবে না। আমাদের উত্তরের দরজাটিও ভালোভাবে খোলা রাখতে হবে।”

বিশেষ অতিথি খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ইতিহাস বিকৃতির দায়ে পঁচাত্তর পরবর্তী সরকারগুলোর সমালোচনা করেন।

তিনি বলেন, “ভারত ও রাশিয়ার মতো বন্ধুপ্রতিম দেশগুলোকে বাংলাদেশ-বিরোধী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেছে তারা। ২১ বছর রাষ্ট্রক্ষমতায় থেকে তারা বিকৃত ও খণ্ডিত ইতিহাস উপস্থাপন করেছে।”

অনুষ্ঠানের পরে আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা।

আলোকচিত্রে বর্ণিত হয়েছে ‘ডিমাইনিং অ্যান্ড রেসকিউ’ অপারেশনের নানা দৃশ্য। সমুদ্রে ডুবে যাওয়া ‍যুদ্ধজাহাজ আর পুতে রাখা মাইন উদ্ধারের নানা দৃশ্য সাক্ষ্য দেয় ইতিহাসের নির্মম বাস্তবতার।

সমুদ্রপথে অকুতোভয় রুশ নৌ-সেনাদের নানা অভিযান, পরিকল্পনা এসব নিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। যুদ্ধজাহাজ উদ্ধারের পর থেমে থাকেনি অভিযান। সেগুলো থেকে পলি অপসারণ আর ডকইয়ার্ডে পাঠানোর নানা মুহূর্তও উঠে এসেছে প্রদর্শনীর আলোকচিত্রে। সমুদ্রপথ থেকে পলি অপসারণও হয়েছিল ‘ডিমাইনিং অ্যান্ড রেসকিউ’ অপারেশনে, আলোকচিত্রে উঠে এসেছে সেসব গল্পও।

‘মুক্তিযুদ্ধ উৎসব’ শিরোনামের আয়োজনেরসহ আয়োজক হিসেবে রয়েছে রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র, সাউথ এশিয়ান মিউজিক ইনস্টিটিউট ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট।

উৎসবের উদ্বোধনী দিনে ছিল ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক অ্যালবামের প্রকাশনা উৎসব।

এর আগে ঋষিজ শিল্পীগোষ্ঠীর উদ্বোধনী সংগীত ও বিজয়ের গান পরিবেশনায় শুরু হয় মুক্তিযুদ্ধ উৎসব।

বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাংলাদেশের প্রথম তথ্য কমিশনার আজিজুর রহমান আজিজ, ঢাকায় রুশ ফেডারেশন দূতাবাসের রাষ্ট্রদূত আলেক্সান্ডার ই ইগ্নাতভ, রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আলেক্সান্ডার পে দেওমিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান মো. মনিরুল হক, সাউথ এশিয়ান মিউজিক ইনস্টিটিউটের চেয়ারম্যান শরীফ আশরাফউজ্জামান।