২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া ট্রাস্ট: খালেদা হাজির না হলে ‘জামিন বাতিল’

জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় পরবর্তী শুনানিতে হাজির না হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিচারক বাতিল করবেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 11:08 PM

Updated : 20 Aug 2022, 02:29 PM

বৃহস্পতিবার বকশীবাজারে স্থাপিত ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার একথা জানান বলে এই মামলায় রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানিয়েছেন।

এদিন খালেদার আইনজীবীরা তার পক্ষ সমর্থনে সাফাই সাক্ষীর একটি তালিকা আদালতে উপস্থাপন করেন।

খালেদা জিয়ার পক্ষে আদালতে সময় আবেদন করা হয়েছিল জানিয়ে কাজল বলেন, “শারীরিকভাবে অসুস্থ থাকায় তার পক্ষে এ আবেদন করা হয়।

“আদালত সময় আবেদনে সায় দিয়ে বলেছেন, ২২ ডিসেম্বর মামলার শুনানির তারিখে খালেদা জিয়াকে হাজির থাকতে হবে। তা না হলে তার জামিন বাতিল করা হবে।”

দুদকের অন‌্য আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, খালেদা জিয়ার পক্ষে সাফাই সাক্ষী দেওয়ার জন্য ২২৫ জনের তালিকা আদালতের কাছে জমা দেওয়া হয়েছে। এই তালিকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতা ও জ্যেষ্ঠ আইনজীবীরা রয়েছেন।

জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার সঙ্গে আসামি রয়েছেন তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী (পলাতক), হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে ২০১০ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি করে দুদক। এতে ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ আনা হয়।

২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পরের বছরের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরু হয়।

নাইকো মামলার শুনানি পিছিয়েছে

দুদকের করা নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি একাদশ বারের মতো পিছিয়েছে।

বৃহস্পতিবার এ মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু মামলার অন্যতম আসামি মওদুদ আহমেদের পক্ষে হাই কোর্ট আট সপ্তাহের জন্য মামলার সব কার্যক্রম স্থগিত করেছে বলে আবেদন দাখিল করা হলে ঢাকার নয় নম্বর বিশেষ জজ মো. আমিনুল ইসলাম শুনানি মুলতবি করেন।

আগামী ২ ফেব্রুয়ারি শুনানির নতুন দিন ঠিক হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ওই আদালতের পেশকার আলমগীর হোসেন।

২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক। ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দিয়ে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতির অভিযোগ আনা হয়েছে মামলাটিতে।

তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

এ মামলায় আসামি কাশেম শরীফ, মাইনুল হক, কামাল উদ্দিন সিদ্দিকী পলাতক রয়েছেন। এই মামলায় জামিন হলেও কিন্তু অন্য মামলায় সাজা হওয়ায় কারাগারে থাকা গিয়াস উদ্দিন আল মামুনসহ বাকি আসামিরা আদালতে শুনানিতে হাজির থাকছেন।