২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনপ্রশাসন সচিবসহ ৭ জনের বিরুদ্ধে অবমাননার রুল

হাই কোর্টের রায় বাস্তবায়ন না হওয়ায় সাবেক জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 09:21 PM

Updated : 20 Aug 2022, 02:29 PM

স্টাফ বাস কর্মসূচি ও মহিলা কারিগরি কেন্দ্রের ১৩৪ কর্মচারীর চাকরি নিয়মিত করতে হাই কোর্টের দেওয়া রায় বাস্তবায়ন না করায় কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে।

কর্মচারীদের পক্ষে করা এক আবেদনের শুনানি করে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রুল জারি করে।

কামাল আবদুল নাসের চৌধুরী বর্তমানে প্রধানমন্ত্রীর মুখ‌্য সচিব। তিনি ছাড়াও কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক শিরীন আক্তার, উপ-পরিচালক (প্রশাসন) এস এম মঈন উদ্দিন আহমদসহ সাতজনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক এনাম টিপু, সঙ্গে ছিলেন ব্যারিস্টার গালিব আহমেদ ও ব্যারিস্টার তানজীব রশীদ খান।

ব্যারিস্টার টিপু পরে সাংবাদিকদের বলেন, স্টাফ বাস কর্মসূচি ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ১৩৪ জন কর্মচারী তাদের চাকরি কল্যাণ বোর্ডের আওতাধীন রাজস্ব খাতে নিয়মিত করার দাবিতে হাই কোর্টে একটি রিট আবেদন করেন।

এ পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন এক রায়ে ওই ১৩৪ জনের চাকরি অবিলম্বে নিয়মিত করার নির্দেশ দেয় আদালত। কিন্তু তা না করে বদলিসহ নানাভাবে হয়রানি করা হয় বলে ওই কর্মচারীদের অভিযোগ।

এ অবস্থায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবসহ সাতজনের বিরুদ্ধে গত ৮ ডিসেম্বর আদালত অবমাননার অভিযোগ আনে রিটকারী কর্মচারীরা। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার আদালত রুল জারি করল।