২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অহমিয়াদের রহম নাই: মুহিত

দেশভাগের সাক্ষী অশীতিপর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজের এলাকা সিলেটের ইতিহাসের আলোচনায় প্রতিবেশী অহমিয়াদের সহনশীলতার অভাবের কথা বলেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 09:27 PM

Updated : 20 Aug 2022, 02:28 PM

সাতচল্লিশে দেশ ভাগের আগে আসামের শাসনাধীন সিলেটে জন্ম মুহিতের। অহমিয়া ভাষী অধ্যুষিত ভারতের এই রাজ্যে বসতিস্থাপনকারী অন্যদের সঙ্গে তাদের সংঘাতের নজিরও রয়েছে।  

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল বুধবার অর্থমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে দেখা করতে এলে আলোচনায় উঠে আসে সিলেটের ইতিহাস। তারই এক পর্যায়ে অহমিয়াদের নিয়ে কথা বলেন মুহিত।

তিনি বলেন, “এ রকম উগ্র উপ-জাতীয়তাবাদ ভারতের অন্য কোথাও নাই, যেটা অহমদের মধ্যে আছে। তারা নিষ্ঠুর, তাদের কোনো দয়া নাই। এ কারণে কাছাড় এখন কেন্দ্রীয় সরকারের অধীনে, ‘দিস ইজ ভেরি ফানি’।

“অহমরা সম্পদ আহরণ করতে পারে না। সম্পদ আহরণ করতে গেলে বাঙালির দরকার। কিন্তু তারা মোটেই রহম করতে রাজি না।”

১৯৪৭ সালে দেশ বিভাগের সময় বাংলা ও পাঞ্জাব ভাগের মত ভাগ হয়েছিল আসাম ও সিলেট। আসামের সিলেট জেলা তৎকালীন পূর্ব পাকিস্তানে যোগ দিলেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও করিমগঞ্জ ভারতে যায়। সিলেট থেকে করিমগঞ্জের বিভক্তিতে এই অঞ্চলের বহু পরিবার বিভক্ত হয়ে যায়।

দেশ বিভাগের আগে সিলেটসহ অন্যান্য অঞ্চল থেকে অনেকে আসামে থিতু হয়েছিলেন। সেখানকার একটি পক্ষ এখনও তাদের ‘বহিরাগত’ বিবেচনা করে, যা নিয়ে সংঘাত-সংঘর্ষের ঘটনাও ঘটে।

আট বছর আগে কাছাড়-করিমগঞ্জ ঘুরে আসার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “খুব খারাপ মনে হয়েছে। বাংলাদেশের তুলনায় যথেষ্ট পিছিয়ে। তারা আসেতো ঢাকায়, বাজার টাজার করতে।”

“ভিসা ছাড়াও প্রচুর লোক আসে,” হাসতে হাসতে বলেন মন্ত্রী।

মুহিত বলেন, “সিলেট এক সময় সুবা বাংলায় থাকলেও ঊনবিংশ শতাব্দীতে আসামের প্রয়োজনেই এটাকে সেখানে নেওয়া হয়। তখন বলা হল- আসামের কিছু নাই, লোক নাই, কিছু ভাল জেলা পাঠাতে হবে। তখন সিলেট গেল, কাছাড় গেল।”

ডিএসই’র ব্রোকার্স অ্যাসোসিয়েশনেরন সভাপতি আহমেদ রশীদ লালী জানান, ব্রোকার্স প্রতিষ্ঠানগুলোর কর্মীদের প্রশিক্ষণ, ২০ জন সফল ব্রোকার ও ২০ ইস্যুয়ারকে সন্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছেন তারা।

ব্রোকারদের আরও দুই বছর কর অবকাশ সুবিধা দিতে মন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।  

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য অর্থ বরাদ্দের দাবিও তোলেন। আর তা সম্ভব না হলে বন্ড ইস্যু করার অনুমতি চান তিনি।

জবাবে মন্ত্রী বলেন, “পুঁজিবাজারের এটার জন্য টাকা আমরা দেব না।

“তারা বন্ড ইস্যু করার অধিকার পেলে সেটাতে কিছু হতে পারে। এটা আমরা বিবেচনা করছি।”

ব্যাংকগুলো ব্রোকারদের ঋণ দেয় না জানিয়ে নবগঠিত এই অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি মুস্তাক আহমেদ সাদেক এ বিষয়ে পদক্ষেপ নিতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান।