আমাদের বিজয় বারবার ছিনতাই হয়েছে: গাফফার চৌধুরী
লাখো শহীদের রক্ত আর মায়ের সম্ভ্রমের বিনিময়ে কেনা বিজয় মুক্তিযুদ্ধবিরোধীরা বারবার ‘ছিনতাই’ করেছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক-কলামনিস্ট ও গীতিকার আব্দুল গাফফার চৌধুরী।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সপ্তাহব্যাপী বিজয় উৎসব উদ্বোধনের সময় তিনি বলেন, “আমাদের বিজয় ১৯৭৫ সালে ছিনতাই হয়েছে। একবার নয় কয়েকবার।”
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে ‘বিজয় ছিনতাই’ পর্বটি বিস্তৃতি লাভ করে জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে।
পরে এদেশের তরুণদের নানাভাবে ‘বিভ্রান্ত’ ও ‘বিপদগামী’ করার মাধ্যমে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তিটি ষড়যন্ত্রের জাল বিস্তার করেছিল বলেও অভিযোগ করেন তিনি।
মুক্তিযোদ্ধা গাফফার চৌধুরী বলেন, “বিজয় পেতে ৩০ লক্ষ মানুষকে রক্ত দিতে হয়েছে, ৪ লক্ষ বীরাঙ্গনাদের রক্ত দিতে হয়েছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারকে রক্ত দিতে হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের চার নেতাকে রক্ত দিতে হয়েছে। আমাদের বিজয় বারবার ছিনতাই হয়েছে।
“অপহৃত বিজয়কে উদ্ধার করার জন্য এদেশের ছাত্র জনতা যখন উঠে দাঁড়িয়েছে তখন এদের বিপদগামী করার অনেক চেষ্টা হয়েছে। এদেরকে হলিউডি-বলিউডি অপসংস্কৃতি দ্বারা প্রভাবিত করার চেষ্টা হয়েছে।বহু ধাক্কা দেওয়া হয়েছে, কিন্তু দেশকে তালেবান রাষ্ট্র করা সম্ভব হয়নি। কিন্তু তাদের কোনো ষড়যন্ত্রই সফল হয়নি।”
সাম্প্রদায়িক চেতনাবোধের স্ফূরণ আর মৌলবাদের বিস্তাররোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান একুশের গানের এই রচয়িতা।
“একটি কথা বলব, আমাদের চূড়ান্ত বিজয় এখনও আসেনি। এখানে যারা মোল্লাতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় কিংবা যারা ধর্মের নামে ধর্মের বিকৃতি ঘটায়, তাদেরকে আমরা এখান থেকে যেদিন উচ্ছেদ করতে পারব, সেদিন হবে আমাদের চূড়ান্ত বিজয় দিবস। হয়তো একদিন এই শহীদ মিনারেই সেই চূড়ান্ত বিজয় দিবস উদযাপিত হবে।
“সেদিন আমি হয়তো থাকব না, আপনারা থাকবেন। আপনাদের কাছে আমাদের উত্তরাধিকার রইল, আপনারা এই বাংলাদেশকে পাকিস্তান কিংবা আফগানিস্তান হতে দেবেন না। আপনারা যতদিন আছেন, বাংলা ভাষা ততদিন আছে, বাংলাদেশ ততদিন আছে।”
বঙ্গবন্ধুর ৭ মার্চে ভাষণ উদ্ধৃত করে গাফফার চৌধুরী বলেন, “বঙ্গবন্ধু বলেছিলেন, স্বাধীনতা চাই, পরাধীনতা থেকে মুক্তি চাই। মুক্তির সংগ্রাম হচ্ছে আমাদের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। অর্থনৈতিক মুক্তি না হলে রাজনৈতিক মুক্তি ব্যর্থ হয়ে যাবে।
“সে অর্থনৈতিক মুক্তির সংগ্রাম তিনি শুরু করেছিলেন, শেষ করতে পারেননি। তার সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করতে তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক উন্নয়নের গতিকে সচল করেছেন।”
কিন্তু নব্য ধনিক শ্রেণির কবল থেকে অর্থনীতিকে মুক্ত করা না গেলে এ উন্নয়ন সাধারণের কাছে ‘পৌঁছাবে না’ বলেও অভিমত প্রকাশ করেন আব্দুল গাফফার চৌধুরী।
এক্ষেত্রে অর্থনৈতিক সংগ্রাম ও রাজনৈতিক সংগ্রামকে একীভূত করারও প্রস্তাবনা দিয়ে ধর্মান্ধতার গ্রাস থেকে তরুণ প্রজন্মকে মুক্ত করতে বড় সাংস্কৃতিক আন্দোলনের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
“বাংলাদেশে চর্যাপদ থেকে শুরু করে রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, শামসুর রাহমান, হাজার বছরের বাংলা ভাষা ও সাহিত্যকে ভিত্তি করে আমরা এক অসাম্প্রদায়িক, সমাজতান্ত্রিক, সুখী বাংলাদেশ গড়তে পারলে সেদিনই আসবে আমাদের চূড়ান্ত বিজয়।”
১৯৫২ সালে শুরু হওয়া বাংলা ভাষা ও সাহিত্যের রেঁনেসা যুগ ‘শুরু হয়েছিল’ মন্তব্য করে গাফফার চৌধুরী বলেন, “সেই রেঁনেসাকে যারা হত্যা করতে চেয়েছে তারা ব্যর্থ হয়েছে। তার প্রমাণ আজকের এই বাংলাদেশ।
“সারা বাংলাদেশ জয় বাংলা স্লোগানের আবার পুনর্জন্ম। তার প্রমাণ আবার বঙ্গবন্ধু এ দেশে ফিরে এসেছে! বাংলার শাশ্বত আত্মাকে হত্যা করা সম্ভব হয়নি। তারা জাগ্রত, ভাস্বর। ”
শহীদ মিনারকে ভাষা-সংস্কৃতি ও অসাম্প্রদায়িকতার সংগ্রামের ‘সবচেয়ে বড় বিজয়স্তম্ভ’ বলে মন্তব্য করেন তিনি।
শহীদ মিনার নির্মাণের ইতিহাস তুলে ধরে গাফফার চৌধুরী অনুষ্ঠানে শোনান ‘আমার ভায়ের রক্তে রাঙানো’ গান রচনার প্রেক্ষাপট।
“আমি শহীদ মিনার গড়তে দেখেছি, ভাঙতে দেখেছি আবার এর অভ্যুত্থান দেখেছি। কত লুকোচুরি খেলা হয়েছে একে নিয়ে। কিন্তু শহীদ মিনার সব চক্রান্তকে ব্যর্থ করে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।”
‘ঐক্য গড় বাংলাদেশ/সাম্প্রদায়িকতা হবে শেষ’ স্লোগানে ২৭তম বারের মতো বিজয় দিবস উদযাপন করছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। মঙ্গলবার থেকে শুরু হওয়া আয়োজনটি চলবে ১৯ ডিসেম্বর অবধি।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের শিল্পীরা। নৃত্যালেখ্য ‘শাশ্বত বাংলা’ পরিবেশন করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে আগত চিন্তক থিয়েটার। কবিতা পাঠ করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও উৎসব পর্ষদের সচিব হাসান আরিফ জানান, কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গন, ধানমন্ডি রবীন্দ্র সরোবর, বাহাদুর শাহ পার্ক, মিরপুর মঞ্চ, দনিয়া মঞ্চ, উত্তরা রবীন্দ্র সরণী মুক্তমঞ্চসহ ঢাকার বিভিন্ন অঞ্চলের নয়টি মঞ্চে বিজয় উৎসব উদযাপিত হবে।
বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গনে আলোচনাসভার আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
