বিজ্ঞানমনস্ক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ তরুণদের
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বিজ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে এক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নিল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) এর শিক্ষার্থীরা।
সোমবার বিকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ: তারুণ্যের ভাবনা’ শীর্ষক এক আলোচনায় যোগ দিয়ে তারা এই শপথ নেন।
বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরের ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শীর্ষক আয়োজনের অংশ হিসেবে এই আলোচনা সভা হয়।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলীর সূচনা বক্তব্যের পর অনুষ্ঠান সঞ্চালনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবায়েত ফেরদৌস।
আলোচনায় অংশ নেন ইউল্যাবের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শাহানা ইসলাম নিশা, মীর রিফাত উর সালেহীন ও আবীর দাস।
আবীর দাস তার আলোচনা শুরু করেন উপমহাদেশে ধর্মভিত্তিক রাজনীতির উত্থান দিয়ে। ভারত উপমহাদেশের ভাগ হয়ে যাওয়া থেকে একাত্তরের মুক্তিযুদ্ধের নানা প্রেক্ষাপটে ধর্মভিত্তিক রাজনীতির নানা প্রেক্ষাপট তুলে ধরেন তিনি।
স্বাধীনতার ৪৫ বছর পার হয়ে যাওয়ার পরই সমাজে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা না পাওয়ার ক্ষোভ জানায় শিক্ষার্থীরা। একাত্তরের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন, দেশ থেকে তাড়িয়ে দেওয়া ও তাদের নিশ্চিহ্ন করার নানা ষড়যন্ত্রের কথা তুলে ধরেন শাহানা ইসলাম নিশা।
রামুর বৌদ্ধপল্লী ও নাসিরনগরের হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় প্রযুক্তির অপব্যবহারের দিকটিও তুলে ধরেন নিশা।
উচ্চবিত্ত শ্রেণির তরুণদের ক্রমশ জঙ্গিবাদে জড়িয়ে পড়ায় শঙ্কা প্রকাশ করেছেন আরেক শিক্ষার্থী মীর রিফাত উর সালেহীন।
“হতাশ তরুণরাই কি মূলত জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে? তারা কি নিজেদের আলাদা করে নিচ্ছে না, ” প্রশ্ন তুলেন সালেহীন।
সাম্প্রতিক রাজনীতির হালচাল নিয়ে ক্ষুব্ধ তিন তরুণ একযোগে বলেন, তরুণ সমাজ ক্রমেই রাজনীতিবিমুখ হয়ে পড়ছে। গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে সরে এসে রাষ্ট্র তার নাগরিকদের স্বাধীনভাবে চিন্তার সুযোগও দিচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
পরে শাহানা বলেন, “এ মুহূর্তে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে, রাষ্ট্রের প্রতিটি প্রান্তে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া ও তার বাস্তবায়ন করা। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিক তরুণরা কখনও দেশের বিরুদ্ধে কাজ করে না।”
রিফাত ও আবীরের প্রস্তাবনা, দেশের প্রত্যন্ত এলাকায় বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থার প্রসার ঘটানো।
অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, “গণতান্ত্রিক ও মানবিক সমাজ গঠনে আমাদের বিজ্ঞানমনস্কতার দিকে গুরুত্ব দিতে হবে। রাষ্ট্রকে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বৈষম্যমুক্ত হতে হবে।”
