তিন মুক্তিযোদ্ধার কণ্ঠে বিজয়ের গল্প
স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার মানসিক প্রস্তুতি কেন নিয়েছিলেন পাকিস্তান সামরিক বাহিনীতে কর্মরত বাঙালির সন্তান, শক্তিশালী পাকিস্তানি বাহিনীকে পরাজিত করার শক্তি কী ছিল, কীভাবে তাদের বিরুদ্ধে পরিচালিত হয় সফল সব অভিযান- এসব কথাই উঠে এলো তিন মুক্তিযোদ্ধার স্মৃতিচারণায়।
একাত্তরে বাংলাদেশের তিন বাহিনীর হয়ে যুদ্ধ করা এই তিনজনই খেতাবধারী মুক্তিযোদ্ধা, বীর বিক্রম।
অবসরপ্রাপ্ত কমডোর এ ডব্লিউ চৌধুরী, অবসরপ্রাপ্ত কর্নেল তৌফিকুর রহমান ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ সোমবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে খোলেন যুদ্ধদিনের স্মৃতির ঝাঁপি।
‘মুক্তিযুদ্ধের গল্প বলার অনুষ্ঠান’ নামের এই আয়োজনের শুরুতেই কথা বলেন বিমান যোদ্ধা সাহাবুদ্দিন আহমেদ। একাত্তরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে কর্মরত ছিলেন তিনি।
একজন সৈনিকের চোখে যুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “অনেক আগে থেকেই আমাদের মনে বৈষম্যগুলো দাগ কাটত। ৩৫০ জনের মধ্যে আমরা বাঙালি ছিলাম মাত্র ৩০ জন। এক সময় আমরা ইস্ট পাকিস্তান অ্যাসোসিয়েশন গঠন করি। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পর থেকেই আমরা মানসিকভাবে তৈরি ছিলাম।”
এরপর মুক্তিযুদ্ধ চলার এক পর্যায়ে মুক্তিকামী বাঙালির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ভারত সরকারের কাছে যুদ্ধ বিমান চাওয়া হয় বলে জানান তিনি।
“তারা রাজি হল। তিনটি বিমান নিয়ে একাত্তরের সেপ্টেম্বরে যাত্রা শুরু হয় বিমান বাহিনী। আমরা ছিলাম নয়জন পাইলট। তাদের মধ্যে ছয়জন ছিলেন বেসামরিক।”
নিজেদের সামরিক প্রশিক্ষণ আর পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে বিভিন্ন ‘অপারেশনের’ কাহিনী শোনান এই মুক্তিযোদ্ধা।
মুক্তিযুদ্ধে জয়ের জন্য সাধারণ মানুষের সমর্থন, সহযোগিতা এবং বেসামরিকদের সাহসের সঙ্গে লড়াইকে কৃতিত্ব দেন সামরিক বাহিনীর সাবেক এই কর্মকর্তা।
তিনি বলেন, “একটি বিষয় উল্লেখযোগ্য- দেশের সাধারণ মানুষ ও ভারতের জনগণের সাহায্য না পেলে কিন্তু আমরা দেশ স্বাধীন করতে পারতাম না। আর মনে রাখতে হবে পাকিস্তানের সুসজ্জিত বাহিনী এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, জনতার কাছে আত্মসমর্পণে বাধ্য হয়েছিল।”
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদারদের বর্বরতা এবং তার পরের গণহত্যা দেখে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেন ১৫ বছরের কিশোর তৌফিকুর রহমান। সঙ্গী হিসেবে পেয়ে যান তিন বন্ধুকে।
“চার বন্ধু বাড়ি থেকে পালিয়ে আসামের মেলাঘরে যাই, প্রশিক্ষণ নেই। সেপ্টেম্বরের শেষ সপ্তাহের দিকে ধামরাইয়ের উদ্দেশ্যে রওনা হই। আমাদের কমান্ডার ছিলেন রেজাউল করিম মানিক। গ্রুপটি মানিক গ্রুপ নামেই পরিচিত ছিল।”
তবে এখন মুক্তিযোদ্ধাদের ওই গ্রুপটি ‘ঢাকা উত্তর গেরিলা দল’ নামে পরিচিত জানিয়ে তিনি বলেন, “এই দলে ছিলেন নাসির উদ্দিন ইউসুফ, শিল্পী মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদসহ আরও অনেকে। ভায়াডুবি ব্রিজের অপারেশনে আমরা সফল হলেও অকুতোভয় মানিক ভাই প্রাণ হারান।”
“পাকিস্তানিদের সঙ্গে আমাদের বিজয়ের একটি বড় কারণ আমি মনে করি আমাদের সাহস। পাকিস্তানি বাহিনীর এই যুদ্ধের কোনো কারণ ছিল না বলে তাদের মনোবলও ছিল না,” বলেন এই মুক্তিযোদ্ধা।
“দেশে আসার পর আমরা ৩০০ সৈন্যকে প্রশিক্ষণ দিই। পাকিস্তান আর্মির রসদ আসত নৌপথে, আমরা সেই রুটগুলো বের করে ফেলি। এই রসদ যেখান থেকে ডিস্ট্রিবিউট হয়, সেই জায়গাটি যদি আমরা ধ্বংস করে দিতে পারি, তবেই আমাদের সফলতা। অপারেশন জ্যাকপটের সময় আমরা বিভিন্ন বন্দরে অবস্থানরত ১১টি রণতরীর ৯টিকেই ডুবিয়ে দেই। আমাদের অপারেশনে যুদ্ধবিমানও ছিল না।”
সভাপতির বক্তব্যে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বলেন, “পাকিস্তানিরা বলত, ওরা মার্শাল জাতি আর আমরা নাকি ভীরু। আমরা ওদের দেখিয়ে দিয়েছি কারা ভীরু। নিয়াজী ‘হারামজাদা জাতি’ বলে গালি দিয়েছিল। আমি বলতে চাই, দেখো ওই জাতিই তোমাদের শিক্ষা দিয়েছে।”
স্বাগত ভাষণে জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী বলেন, “একাত্তরের প্রতিটি মুক্তিযোদ্ধার জন্য নতুন নতুন চ্যালেঞ্জ অপেক্ষমাণ ছিল, আর ছিল স্বপ্ন জয়ের অদম্য আকাঙ্ক্ষা।”
