সব মামলায় মেয়র আরিফুলের জামিন
সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের জনসভায় বোমা হামলার মামলায় সিলেট সিটি কর্পোপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছকে ৬ মাসের জামিন দিয়েছে আদালত।
পৃথক দুই আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
আদালতে শুনানিতে দুই মেয়রের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার মঈনুল হোসেন; সঙ্গে অ্যাডভোকেট এম মাসুদ রানা, মোস্তাফিজুর রহমান। আর রাষ্ট্রপক্ষে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ।
ফাইল ছবি
আগের দিন দিরাই বোমা হামলার আরেকটি মামলায় মেয়র আরিফুলকে জামিন দেয় হাই কোর্ট। একইসঙ্গে আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় বিষ্ফোরক আইনে দায়ের করা মামলায় গউছকেও ছয় মাসের জামিন দেওয়া হয়।
এর আগে কিবরিয়া হত্যার ঘটনায় হত্যা ও বিষ্ফোরক আইনের দুই মামলায় জামিন পেয়েছেন মেয়র আরিফুল।
২০০৪ সালের ২১ জুন দুপুরে দিরাইয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা হলে এক যুবলীগকর্মী নিহত হয় ও ২৯ জন আহত হয়।
ওই ঘটনায় দিরাই থানায় করা হত্যা মামলায় ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
