সন্ত্রাসবিরোধী আইনের ৩ মামলা বাতিল
চাঁপাইনবাবগঞ্জে ২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইনে করা তিনটি মামলা বাতিল করেছে হাই কোর্ট।
এ তিন মামলা বাতিলে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ এই রায় দেয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান।
শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিধান অনুযায়ী এসব মামলায় সরকারের অনুমোদন নিতে হয়। কিন্তু এ তিন মামলার ক্ষেত্রে দীর্ঘ সময়ক্ষেপণ করা হয়েছে। তাই আদালত মামলাগুলো বাতিলের রায় দিয়েছেন।”
এছাড়া যারা অনুমোদন নিতে সময়ক্ষেপণ করেছেন তাদের বিরুদ্ধে ৪৫ কার্যদিবসের মধ্যের তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে সুপ্রিম কোর্টের নিম্ন আদালতের কার্যক্রম তদারকি কমিটিকে জানাতে বলা হয়েছে বলেও জানান সহকারী অ্যা টর্নি জেনারেল।
তিনি বলেন, এই তিনটি মামলাই জঙ্গি তৎপরতা সংক্রান্ত।
আসামিদের আইনজীবী বিএনপি নেত্রী পাপিয়া জানান, মামলার দুই আসামি আব্দুর রাকিব সুমন ও রবিউল ইসলাম ২০০৯ সাল থেকে কারাগারে আছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৯ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাটে সুমন ও রবিউলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে তিনটি মামলা করে পুলিশ। ২০১২ সালের ২৪ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
পাশাপাশি আইনের বিধান অনুসারে বিচার শুরু করার জন্য সরকারের অনুমোদন চাওয়া হয়।
এর মধ্যেই আসামিরা সন্ত্রাসবিরোধী আইনে করা মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে আবেদন করেন।
২০১৫ সালের ৮ নভেম্বর হাই কোর্ট সন্ত্রাসবিরোধী আইনে করা মামলা বাতিল ও আসামিদের জামিন প্রশ্নে রুল জারি করে।
এদিকে চলতি বছরের ১৬ এপ্রিল এই মামলাগুলোর অনুমোদন দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু অনুমোদনের কপি এখন আদালতে যায়নি।
