২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংরেজি মাধ্যমের জন্য আলাদা প্রশ্নপত্র কেন নয়, হাই কোর্টের রুল 

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য কেন আলাদা (ইংরেজি) প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 04:40 PM

Updated : 12 Apr 2022, 03:29 AM

পাশাপাশি ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগের ক্ষেত্রে কেন তাদের (‘এ’ লেভেল, ‘ও’ লেভেল পাস শিক্ষার্থী) সমান অধিকার দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

অভিভাবক ও সুপ্রিম কোর্টের আইনজীবী এম আতিকুর রহমানের একটি রিট আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও শেখ হাসান আরিফের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্বাস্থ্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য‌্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, মেডিকেল এডুকেশনের পরিচালককে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রেজা মো. সাদেকীন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

পরে রিটকারীর আইনজীবী মো. সাদেকীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুয়েটে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা পদার্থ, রসায়ন, গণিতে ও বাংলা-ইংরেজিতে ৫ পয়েন্ট করে মোট ২৫ পয়েন্টের মধ্যে ২৪ পয়েন্ট পেলেই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে।

“কিন্তু ইংরেজি মাধ্যম থেকে পাস করা শিক্ষার্থীদের বেলায় এ তিন বিষয়ে সর্বোচ্চ ‘এ’ গ্রেড চাওয়া হয়। এর ফলে ইংরেজি মাধ্যম থেকে পাস করা অনেক শিক্ষার্থীই বুয়েটে ভর্তি পরীক্ষায় আবেদনই করতে পারে না। এটা এক ধরনের বৈষম্য।”

তাছাড়া ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বাংলায় করা হয় জানিয়ে তিনি বলেন, “এতে ইংরেজি মাধ্যম থেকে পাস করা শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হচ্ছে। আমরা মনে করি বাংলার পাশাপাশি ইংরেজিতে প্রশ্নপত্র থাকা উচিৎ।”