২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে নিম্নচাপ, শৈত্যপ্রবাহ ‘মাসের শেষে’

বাংলা পঞ্জিকার হিসাবে পৌষ আসতে বাকি আর এক সপ্তাহ। এই সময়ে সাগরে নিম্নচাপের উপস্থিতি শীতের হাওয়াকে বিলম্বিত করলেও ডিসেম্বরের শেষভাগে শৈত্যপ্রবাহের আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2016, 08:34 PM

Updated : 20 Aug 2022, 02:25 PM

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলছেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তা কেটে যাওয়ার পর উত্তুরে হওয়ায় শীতের তীব্রতা বাড়তে পারে।

ডিসেম্বর মাসে আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, মাসের শেষার্ধে এক থেকে দুটি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে।

শৈত্যপ্রবাহ মৃদু হলে বাতাসের তাপমাত্রা ৮ থেকে ১০ এবং মাঝারি হলে ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, ডিসেম্বরে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। ডিসেম্বরে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদীর অববাহিকায় মাঝারী বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।

আবহওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বুধবার সন্ধ‌্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৬৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৮০ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৩৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১৩৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অবস্থান করতে পারে এবং আরও শক্তি সঞ্চয় করতে পারলে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে বলে আভাস দেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, নিম্নচাপটি শক্তি বাড়িয়ে আগামী আটচল্লিশ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেক্ষেত্রে বাসাতে প্রচুর জলীয়বাষ্প মিশবে, বিলম্বিত হবে শীত।

কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের কর্মকর্তা গণেশকুমার দাস আনন্দবাজারকে বলেছেন, এবার নিম্নচাপের কারণে শীত নামতে ডিসেম্বরের অর্ধেক গড়িয়ে যেতে পারে।

নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ ২৮ নভেম্বর সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়, যা পরে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় ‘নাদা’য় পরিণত হয়। ঘূর্ণিঝড়টি পরে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে উপকূল অতিক্রম করার আগেই ২ ডিসেম্বর ফের নিম্নচাপে পরিণত হয়।