২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যানারির বর্জ্যে মুরগির খাবার: কারখানা বন্ধের রায় বহাল

হাজারীবাগে ট্যানারির বর্জ্য ব্যবহার করে হাঁস-মুরগি ও মাছের খাবার তৈরির কারখানাগুলো বন্ধে হাই কোর্টের দেওয়া রায় আপিল বিভাগেও বহাল রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2016, 04:08 PM

Updated : 12 Apr 2022, 03:28 AM

পাঁচ বছর আগে দেওয়া হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে পোল্ট্রি ও মাছের খাবার প্রস্তুতকারকদের সমিতির করা আপিলের আবেদন বুধবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 

সমিতির পক্ষে শুনানি করতে কোনো আইনজীবী এদিন আদালতে না থাকায় বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ থেকে এ আদেশ আসে।

এর ফলে হাই কোর্টের রায় বহাল থাকল এবং সে অনুযায়ী কারখানাগুলো বন্ধ করতে আর কোনো আইনি বাধা থাকল না বলে রিট আবেদনকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ জানিয়েছেন।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা একটি রিট আবেদনের নিষ্পত্তি করে ২০১১ সালের ২১ জুলাই হাই কোর্ট ওই রায় দিয়েছিল।

হাজারীবাগে ট্যানারি বর্জ্য দিয়ে হাঁস-মুরগি ও মাছের খাবার উৎপাদনকারী কারখানাগুলো এক মাসের মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয় ওই রায়ে।

পাশাপাশি ওই কাজে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে এবং পোল্ট্রি ফুড উৎপাদনে ট্যানারি বর্জ‌্যের ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা করার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ ফিশ মিট ও অ্যানিমেল গ্লু প্রস্তুতকারক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন।

আপিল বিভাগে রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ। তবে সমিতির পক্ষে কোনো আইনজীবী এদিন ছিলেন না বলে জানান তিনি।