২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ‌্যালয়ে জানাজার পর বাড়ির পথে শাকিলের মরদেহ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক‌্যাম্পাসে জানাজা শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের বাড়ি ময়মনসিংহে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2016, 01:19 PM

Updated : 11 Oct 2022, 09:25 PM

বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ‌্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই জানাজা হয়। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টামণ্ডলীর সদস‌্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও  আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সংসদের সদস্য আখতারুজ্জামানসহ দল ও সহযোগী সংগঠনের জ‌্যেষ্ঠ নেতারা জানাজায় অংশ নেন।  

এ বিশ্ববিদ্যালয়েরই সমাজবিজ্ঞান বিভাগে এক সময় লেখাপড়া করেছেন শাকিল। সেই সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির জ‌্যেষ্ঠ সহ-সভাপতিও ছিলেন।

মঙ্গলবার দুপুরে গুলশানের সামদাদো নামে একটি রেস্তোরাঁ থেকে ৪৭ বছর বয়সী শাকিলকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তার মৃত‌্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

Image
মাহবুবুল হক শাকিল

মাহবুবুল হক শাকিল

ময়নাতদন্তে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি জানিয়ে চিকিৎসকরা বলেছেন, ভিসেরা পরীক্ষার পর তারা পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবেন।

বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পরপরই শাকিলের মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকও জানাজায় অংশ নেন। 

জানাজার পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শাকিলের কফিনে শ্রদ্ধা জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল এবং সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরসহ কেন্দ্রীয় নেতারা এ সময় কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে উপ প্রেস সচিব নজরুল ইসলাম ও আশরাফুল আলম খোকন তাদের সাবেক সহকর্মীর কফিনে শেষ শ্রদ্ধা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ ও এফ রহমান হল, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও শাকিলের রাজনৈতিক সহকর্মীরাও এসেছিলেন তার প্রতি শ্রদ্ধা জানাতে।

২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্ব পান শাকিল। চার বছর পর তাকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) করা হয়। এরপর ২০১৪ সাল থেকে অতিরিক্ত সচিব মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্বে পালন করে আসছিলেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে মাহবুবুল হক শাকিলের মরদেহ নিয়ে তার বাড়ি ময়মনসিংহের পথে রওনা হয় একটি অ‌্যাম্বুলেন্স।

বাঘমারায় নিজের বাড়িতে আরেকবার জানাজার পর সন্ধ্যায় শাকিলকে দাফন করা হবে বলে এনামুল হক শামীম সাংবাদিকদের জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা শেষে আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সংগঠন ও শাকিলের রাজনৈতিক সহকর্মীরা মরদেহে শ্রদ্ধা জানান।