২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদার হবে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে ‘অনন্য ও বহুমাত্রিক’ অভিহিত করে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন নয়া দিল্লি সফরে এই সম্পর্ক আরও দৃঢ় হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2016, 01:31 AM

Updated : 12 Apr 2022, 03:28 AM

মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদারে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে নতুন উদ্যোগ ও ফলপ্রসূ আলোচনা আমরা প্রত্যাশা করছি।”

প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, প্রধানমন্ত্রী ১৮ ডিসেম্বর নয়া দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন এবং ২০ ডিসেম্বর ফিরবেন বলে আশা করা হচ্ছে।

১৯৭১ সালের ৬ ডিসেম্বর প্রথম দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত সভায় কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সহযোগিতা স্মরণের পাশাপাশি যুদ্ধ চলাকালে এদেশের ৩০ লাখ মানুষকে হত্যাএবং এখনও বাংলাদেশে ‘সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতার’ জন্য পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নের দাবি তোলেন বক্তারা। 

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী অবশ্যে পাকিস্তানের বিষয়ে কিছু বলেননি। বাংলাদেশ ও ভারতের ভবিষ্যৎ ‘একে অপরের সঙ্গে সম্পর্কিত’ বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে একাত্তরে বাংলাদেশিদের সঙ্গে মিলে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিহত ভারতীয় সৈন্যদের আনুষ্ঠানিক স্বীকৃতির কার্যক্রমের উদ্বোধন হবে।

“চ্যালেঞ্জ মোকাবেলা এবং উভয়ের একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”

দুই দেশের সম্পর্কে এখনও একাত্তরের চেতনা বিরাজমান বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকায় প্রতিবেশী দুই দেশ স্থল ও সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি করতে পেরেছে।