২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান নিয়ে ‘বিশেষ মেলা’

নারীর উপর চলমান বৈষম্য ও নির্যাতন বন্ধে জনসচেতনতা বাড়াতে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য দিনব্যাপী ‘বিশেষ মেলার’ আয়োজন করেছে সুশীল সমাজের ঐক্যজোট ‘আমরাই পারি’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2016, 10:51 PM

Updated : 11 Oct 2022, 09:24 PM

মঙ্গলবার রাজধানীর শাহবাগের বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গনে ‘সমমর্যাদার যৌথ জীবন’ শীর্ষক স্লোগান নিয়ে আয়োজিত এই বিশেষ মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

নারীর অধিকার, স্বাস্থ্য, প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সম্পর্কে প্রচারণা ও জনসচেতনতা বাড়ানো এ মেলার মূল লক্ষ্য বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

এতে আইন, স্বাস্থ্য, ব্যাংকিং এবং নারী নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত সেবাসহ ১৭টি সেবাদানকারী প্রতিষ্ঠান অংশ নেয়।

উদ্বোধনীতে আমরাই পারি জোটের চেয়ারপার্সন সুলতানা কামাল বলেন, ‘মানুষে মানুষে বৈষম্য রোধ’ করাই মেলা আয়োজনের মূল লক্ষ্য।

“আজকের এই মেলা কী নিয়ে, তা অনুধাবন করার ব্যাপার রয়েছে। আমরা এ বিশ্বাসে একত্রিত হয়েছি যে আমরা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও নাগরিক জীবনসহ সর্বক্ষেত্রে প্রতিটি মানুষ সমান মর্যাদা, অধিকার ও সম্মান নিয়ে বসবাস করছে।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি সংসদ সদস্য সফুরা বেগম রুমি নারীর উপর সহিংসতা ও নির্যাতন বন্ধে সবার মানসিকতা পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করেন।

“আমাদের অনেক আইন আছে। নারী নির্যাতন, পারিবারিক সুরক্ষা ও যৌতুক নিরোধক আইন আছে, কিন্তু আইনের ধীর গতিতে প্রয়োগ হচ্ছে। আমি মনে করি সবার আগে মানসিকতার পরিবর্তন দরকার।”

পরিবার থেকে ‘কাউন্সিলিং’ শুরু হলে শারীরিক, মানসিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারী নির্যাতন রোধ করা যাবে বলে অভিমত দেন তিনি।

সরেজমিনে মেলা ঘুরে সেবাদানকারী অলাভজনক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছ থেকে জানা যায়, তাদের কাজ সম্পর্কে অধিকাংশ ‘ভিকটিম’ অজ্ঞ, যার কারণে তাৎক্ষণিকভাবে সাহায্য পৌঁছে দিতে পারছেন না তারা।

মেলায় উপস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালের দরিদ্র বান্ধব ভ্রাম্যমাণ হাসপাতাল প্রকল্পের ব্যবস্থাপক রীনা পণ্ডিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে কোনো শারীরিক সমস্যা আমরা ২০ টাকা সার্ভিস চার্জ নিয়ে দেখে থাকি। যারা টাকা দিতে অসমর্থ তাদের আমরা কার্ড দেই। সেই কার্ড দেখিয়ে তারা যে কোনো নগর হাসপাতালে বিনামূল্যে সিট ভাড়া, ভর্তি ফি এবং নিন্মমূল্যে পরীক্ষা-নিরীক্ষা করাতে পারবেন।”

তিনি আরও বলেন, “অনেকেই আমাদের সম্পর্কে জানে না। আমাদের একটি গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও ৫০টির মত সাব সেন্টার আছে।

“আমরা গাড়ি নিয়ে রোগীদের কাছে যাই, আমাদের সাথে একজন করে এমবিবিএস ডাক্তার, প্যারামেডিক এবং প্যাথলজিক্যাল বিশেষজ্ঞ থাকেন। আমাদের গাড়ির ভিতরেই একটি ফার্মেসিসহ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা আছে।”

এসিড সন্ত্রাসের শিকারদের পুনর্বাসন, চিকিৎসা ও আইনি সহায়তা দানকারী সংগঠন এসিড সারভাইভারস ফাউন্ডেশনের গণমাধ্যম বিভাগের সমন্বয়কারী এ কে আজাদ বলেন, ‍“আমরা বিনামূল্যে সব ধরনেই সেবা দিয়ে থাকি। এ মেলার আসার মূলে রয়েছে আমাদের কাজ সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি করা। ”

শহরের দরিদ্র মহিলাদের সখি প্রকল্পের আওতায় বিনামূল্যে মাতৃত্বকালীন সেবা দিচ্ছেন বলে জানান এই প্রকল্পের প্যারামেডিক বিশেষজ্ঞ সোমাইসি হক।

“আমাদের ১৫টি সেবাদান কেন্দ্র ‘হাব’ রয়েছে। আমরা সাধারণত গরীব গর্ভবতী নারীদের স্বাস্থ্য সেবার পাশাপাশি যৌন রোগ ও বাচ্চাদের রোগের সেবা দিয়ে থাকি।” 

দিনব্যাপী এ আয়োজনে আরও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, সেবামূলক উপস্থাপন, মুক্ত আলোচনা ও কবিগানের আসর।

এতে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজী রোজী, জেন্ডার অ্যাম্বাসি অব দ্য কিংডম অফ দ্য নেদারল্যান্ডসের ফার্স্ট সেক্রেটারি আনি ভেস্টযিন্স ও সুশীল সমাজের প্রতিনিধিরা।