কপিরাইট আইন নবায়নের দাবি তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের
সফটওয়্যার খাতে পাইরেসি ঠেকাতে মেধাস্বত্ব ইস্যুটিকে গুরুত্ব দিয়ে কপিরাইট আইন নবায়নের দাবি জানিয়েছে তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তারা।
মঙ্গলবার সকালে শিল্পকলা একাডেমিতে ‘কপিরাইট আইন যুগোপযোগীকরণ এবং সফটওয়্যার ও ওয়েবসাইট কর্মের স্বত্বাধিকারীর স্বার্থ সংরক্ষণ’ শীর্ষক কপিরাইট বিষয়ক এক দিনব্যাপী কর্মশালায় এসে তারা এই দাবি উত্থাপন করেন।
কপিরাইট অফিস এই কর্মশালার আয়োজন করে।
সভায় যোগ দিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর স্ট্যান্ডিং কমিটির সদস্য ও শাদিবাজার ডটকমের কো চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মামুন অভিযোগ করেন, দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতে মেধাস্বত্বের যথাযথ আইন, তদন্ত, বিচার ব্যবস্থা ও প্রয়োগ না থাকায় এই খাতের প্রকৃত বিকাশ হচ্ছে না।
“দীর্ঘদিন ধরে সরকার ও যথাযথ কর্তৃপক্ষ উদ্যোগ নিলেও সেটি ততটা প্রভাব ফেলতে পারেনি। দেশের সফটওয়্যার পণ্য ও সেবার ক্ষেত্রে মেধাস্বত্ব সংরক্ষণ ও আইনসমূহের নবায়ন ও প্রয়োগ নিশ্চিত হওয়া প্রয়োজন।”
কপিরাইট আইনের ‘জোরালো প্রয়োগ না থাকায়’ পণ্য ও সেবার সোর্সকোডসহ পণ্যটি চুরি হয়ে আরেকটি অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেন কর্মশালায় আসা একাধিক প্রযুক্তি উদ্যোক্তা।
তারা বলছেন, এতে তারা ও তাদের প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনকি নানাভাবে প্রতারিতও হচ্ছেন তারা।
২০০৫ সালে প্রণীত কপিরাইট আইনটি তথ্যপ্রযুক্তি খাতের জন্য ‘যথোপযুক্ত নয়’ বলেও অভিযোগ করেন তাদের।
১৯৯১ সালে প্রণীত প্যাটেন্ট ও ডিজাইন আইন এবং ১৯৩৩ সালে প্রণীত প্যাটেন্ট ও ডিভাইস নীতিমালা দিয়ে এখনও কার্যক্রম চলছে জানিয়ে প্রযুক্তি উদ্যোক্তাদের ভাষ্য, সময় ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে এসব আইন ও নীতিমালা পুরোপুরিভাবে ‘কার্যকর’ নয়।
প্যাটেন্ট ও ডিজাইন আইন এবং নীতিমালা সংশোধন ও যুগোপযোগী করার দাবি জানিয়ে বেশ কটি দাবিও উত্থাপন করে উদ্যোক্তারা।
এসব দাবির মধ্যে রয়েছে, তরুণ উদ্যোক্তাদের কপিরাইট আইন সম্পর্কে ওয়াকিবহাল করতে দেশব্যাপী সমন্বিত উদ্যোগ গ্রহণ কিংবা বিশেষ কর্মশালা পরিচালনা, কপিরাইট আইনকে সহজবোধ্য করে সাধারণের কাছে উপস্থাপন, হার্ডওয়ার ডিজাইন, কোড বা এলগরিদমের বিষয়ে নীতিমালায় সুষ্পষ্ট ব্যাখ্যা অন্তর্ভুক্তিকরণ এবং কপিরাইট ম্যাজিস্ট্রেট বা পুলিশ নিয়োগ, যিনি কপিরাইন লঙ্ঘন ইস্যুতে কাজ করবেন।
পরে সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ বলেন, “কপিরাইট আইনের সংশোধনী একটি দীর্ঘ প্রক্রিয়া। আপনাদের সব কমিউনিটির কথা শুনতে চাই। সবার পরিকল্পনাগুলো নিয়ে আমরা কপিরাইট আইনটি ভেলিডেট করব। আইনের কোথাও কোনো অস্পষ্টতা থাকলে তা নিয়ে আরো আলোচনা হতে পারে।”
মেধাস্বত্ব ইস্যুতে যেন কারও অধিকার ক্ষুণ্ন না হয় সে বিষয়টি মাথায় রেখে কপিরাইট আইনটি প্রণয়ন করা হবে বলে জানান তিনি।
এর আগে সংস্কৃতি সচিব আক্তারী মমতাজের উপস্থিতিতে ‘সফটওয়্যার ও তদনুরূপ বিমূর্ত কর্মের মেধাস্বত্ব প্রসঙ্গে’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কপিরাইট বোর্ডের সদস্য ও আর্টস ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক কবি মুহম্মদ নূরুল হুদা।
সফটওয়্যারের কপিরাইট সুরক্ষায় বিষয়ে যথাযথ আইন প্রণয়ন, আইনি প্রতিষ্ঠান স্থাপন এবং আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন ইস্যুগুলোকে প্রাধান্য দেন বাংলা একাডেমির এই সাবেক পরিচালক।
তিনি বলেন, “আমাদের আইন, আবার আইনি প্রতিষ্ঠানও আছে। সেইসঙ্গে আইন প্রয়োগ ও কার্যকর করার ক্ষেত্রে আমাদের সচেতনতা, উপলব্ধি, প্রশিক্ষণ ও প্রয়োগ-কুশলতার অপ্রতুলতা আছে। আইনকেও চাহিদামতো হালনাগাদ, নবায়ন এবং প্রাতিষ্ঠানিক কাঠামাকেও সম্প্রসারিত করা জরুরি।”
কপিরাইট আইন (সংশোধিত ২০০৫), কপিরাইট বিধি (২০০৬) –এ বর্ণিত সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের নানা বিধি নিয়ে আলোচনা করা হয়।
প্রবন্ধে কপিরাইট আইনে অন্তর্ভুক্তির জন্য ১০টি সুপারিশও উত্থাপন করা হয়।
এর মধ্যে সফটওয়্যার সম্পর্কে যাবতীয় বিবেচনার আইনি সিদ্ধতার প্রয়োজনে ‘সিস্টেম’ শব্দটির পরে সরাসরি সফটওয়্যার শব্দটি অন্তর্ভুক্তিকরণ, সিস্টেম ও সফটওয়্যার আসলে কী- তার বিশ্লেষণমূলক পরিচয় যুক্ত করার সঙ্গে সুসম্পর্কিত ডিভাইস সাইট, প্রোগ্রাম, পেইজ ও যাবতীয় বিমূর্ত অভিব্যক্তি ও প্রকাশমাধ্যম যুক্ত করা এবং সৃষ্ট যেকোনো সফটওয়্যার ও বিমূর্ত কর্ম যথাযথভাবে কপিরাইট অফিস/সোসাইটিতে নিবন্ধন বাধ্যতামূলক করা রয়েছে।
অন্যান্য সুপারিশের মধ্যে পাইরেসি ঠেকাতে কর্মের স্রষ্টা, স্বত্বাধিকারী , উৎপাদনকারী, পরিবেশক, সরবরাহকারী, বিক্রেতা বা ভোক্তার সঙ্গে লিখিত চুক্তি সম্পাদন করা, লিখিত চুক্তির জন্য তফসিলে বা বিধিতে একটি প্রমিত ফরম বা ছক দেওয়া, কপিরাইট সমিতি গঠন, কম্পিউটার ও সফটওয়্যারের জন্য একটি স্বয়ঃসম্পূর্ণ স্বতন্ত্র রেজিস্টার সংরক্ষণ করা, রেজিস্টারের সফট কপি ওয়েবসাইটে প্রদর্শন করা, কপিরাইট আইন লঙ্ঘনকারীর সাজা প্রতি বছর উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে বাড়ানো, সফটওয়্যারটি মৌলিক কর্ম হিসেবে বিবেচিত হলে তার মেধাস্বত্বের মেয়াদ গ্রন্থ বা চিত্রকর্মের মতো বাড়ানো রয়েছে।
কপিরাইট আইন নিয়ে বিশেষ এই কর্মশালায় জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরীও যোগ দেন।
