হুন্ডির কারণে রেমিটেন্স কম, সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী
২০১৫-১৬ অর্থবছরে বিদেশে ৪৮ শতাংশ কর্মসংস্থান বাড়লে রেমিটেন্স ২ দশমিক ৫০ শতাংশ কমেছে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, বেশি লাভের আশায় হুন্ডি করে টাকা পাঠানোর কারণেই কমেছে রেমিটন্স।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে আলাদা প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।
জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলনের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, গত ২০১৫-১৬ অর্থবছরে তার আগের অর্থবছরের তুলনায় বিদেশে কর্মী যাওয়ার হার ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে রেমিটেন্স ২ দশমিক ৫০ শতাংশ কমেছে।
ওই সাংসদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “গত অর্থ বছরে ছয় লাখ ৮৪ হাজার ৫৩৭ জন দক্ষ ও অদক্ষ কর্মীর কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে দক্ষ ২ লাখ ৮৮ হাজার ৩৩ জন, অদক্ষ ২ লাখ ৯৫ হাজার ৭৫০ জন, আধা দক্ষ ৮৫ হাজার ৯০০ জন, পেশাজীবী ৩ হাজার ৪৭ জন এবং অন্যান্য ১১ হাজার ৮০৪ জন।”
অপর এক প্রশ্নের জবাবে রেমিটেন্স কমে যাওয়ার কারণ হিসেবে বিদেশ থেকে হুন্ডি করে অবৈধ পথে টাকা পাঠানোকে দায়ী করেন মন্ত্রী নুরুল ইসলাম।
তিনি বলেন, “অনেকে বেশি লাভের আশায় হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে টাকা পাঠায়। যে কারণে রেমিটেন্স কমেছে। বর্তমানে হুন্ডির ব্যবসা জমজমাট রূপ নিয়েছে। তবে সরকার হুন্ডি ব্যবসা রোধের চেষ্টা করছে। আশা করি সফল হব। সেক্ষেত্রে রেমিটেন্স বাড়বে।”
মমতাজ বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বিদেশে কর্মরত ৬ লক্ষাধিক নারী কর্মীদের মধ্যে বিচ্ছিন্ন দু একটি যৌন নির্যাতনের ঘটনা ঘটতে পারে। আর এসব ক্ষেত্রে নির্যাতিত নারী কর্মীদের তাৎক্ষণিক উদ্ধার করে নিরাপদ আশ্রয় প্রদান করা হয়।”
জাসদের নাজমুল হক প্রধানের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, সরকারের কূটনৈতিক প্রচেষ্টার ফলে সৌদি আরবে প্রায় ৮ লাখ, মালয়েশিয়ায় ২ লাখ ৭৬ হাজার ও ইরাকে ১০ হাজার অবৈধ কর্মীর বৈধতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
উম্মে রাজিয়া কাজলের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “জি টু জি পদ্ধতিতে ৯ হাজার ৯৩৪ জন কর্মী মালয়েশিয়া গমন করেছে। বর্তমানে জি টু জি প্লাস পদ্ধতিতে কর্মী নেওয়ার বিষয়ে মালয়েশিয়া বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। শিগগিরই ব্যাপকহারে কর্মী প্রেরণ সম্ভব হবে বলে আশা করা যায়।”
এম এ আউয়ালের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত ২০১৫-১৬ অর্থ বছরে সৌদি আরবে সরকারিভাবে ৩০৪ জন ও বেসরকারিভাবে ১ লাখ ৩ হাজার ২৮০ জন এবং মালয়েশিয়ায় সরকারিভাবে ২ হাজার ৩০১ জন ও বেসরকারিভাবে ৪৮ হাজার ৭৩৪ জন কর্মী গেছে।
নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বিদেশে বাংলাদেশ থেকে ৩৬ লাখ ৩৭ হাজার ৮৬ জন কর্মী প্রেরণ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ৩৫ লাখ ১৩ হাজার ১২০ জন ও নারী ৪ লাখ ৫৪ হাজার ১৪৮ জন।
আলী আজমের প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, ২০১০ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ৪ হাজার ২৫৬ দশমিক ৯২ মিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের আটটি দেশ থেকে এসেছে ২ হাজার ৪৪৩ দশমকি ৯৯ মিলিয়ন ডলার এবং অন্যান্য দেশ থেকে এসেছে ১ হাজার ৮১২ দশমিক ৯৩ মিলিয়ন ডলার।
সরকারের কাছে গৃহকর্মী নির্যাতনের সংখ্যাগত জরিপ নেই
মমতাজ বেগমের প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, “দেশে প্রতিদিনই বিপুল সংখ্যক গৃহকর্মীর একাংশ নির্যাতনের শিকার হচ্ছে। তবে সরকারের কাছে নির্যাতনের সংখ্যাগত কোনো জরিপ নেই।”
সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসের প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মুজিবুল হক বলেন, “দেশে তৈরি পোশাক খাতে বর্তমানে প্রায় ৩৫ লাখ ৬০ হাজার শ্রমিক কাজ করে। এর মধ্যে গ্রামীণ নারী শ্রমিকের সংখ্যা হচ্ছে ২০ লাখ ৪৪ হাজার (৫৮%)।”
বাংলাদেশের চাল রপ্তানির যোগ্যতা অর্জন
বাংলাদেশ বর্তমানে চাল রপ্তানির যোগ্যতা অর্জন করেছে বলে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছেন।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য সফুরা বেগমের সম্পূরক প্রশ্নের জবাবে খাদ্য মন্ত্রী বলেন, “বাংলাদেশ বর্তমানে চাল আমদানি করে না। বাংলাদেশ সর্বশেষ চাল আমদানি করেছিল ২০১২ সালে। এরপর আমাদের বিদেশ থেকে কোনো চাল আমদানি করতে হয় না।
“চাল উৎপাদনকারী দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশের অবস্থান বিশ্বের চতুর্থ। আমরা স্বয়ং সম্পূর্ণ, আমরা বর্তমানে চাল রপ্তানির যোগ্যতা অর্জন করেছি। এখন রপ্তানি করে থাকে। যে কারণে সরকারিভাবে চাল আমদানির কোনো পরিকল্পনা নেই।”
রহিম উল্লাহর প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, গত ২০১৫-১৬ অর্থ বছরে দেশে চালের উদ্ধৃত্ত ছিল ২৭ দশমিক ৭০ লাখ মেট্রিক টন আর গমের ঘাটতি ছিল ১৫ দশমিক ৫০ মেট্রিক টন। মোটের ওপর খাদ্যশস্যের উদ্ধৃত্ত প্রায় ১২ দশমিক ২০ লাখ মেট্রিক টন।
