সমতলের নৃ-গোষ্ঠীর জন্যও ভূমি কমিশন গঠনের দাবি
পার্বত্য চট্টগ্রাম চুক্তির আওতা ওই অঞ্চলের বাইরে না হওয়ায় সমতলের বিভিন্ন নৃ-গোষ্ঠীর জন্য আলাদা ভূমি কমিশন গঠনের দাবি উঠেছে।
গাইবান্ধায় ভূমির বিরোধ নিয়ে সাঁওতাল নির্যাতনের প্রেক্ষাপটে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে এই দাবি জানায় জাতীয় আদিবাসী পরিষদ।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্যাতিত সাঁওতালদের দাবির প্রতি সংহতি জানিয়ে এই সমাবেশ হয়। একই ধরনের সমাবেশ প্রতিটি জেলা সদরে হয়েছে বলে আদিবাসী পরিষদের নেতারা জানিয়েছেন।
গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদের সময় সংঘর্ষে এই নৃ-গোষ্ঠীর তিন সদস্য নিহত হন।
১৯৬২ সালে চিনিকলের আখ চাষের জন্য ওই জমি অধিগ্রহণ করা হয়েছিল। অধিগ্রহণের শর্ত ভঙ্গ করে জমি ইজারা দিয়ে অন্য ফসল চাষ হওয়ার পর সাঁওতালরা জমির মালিকানা ফেরত চেয়ে সেখানে ঘর তুলে থাকতে শুরু করেছিল।
পার্বত্যাঞ্চলেও পাহাড়ি নৃ-গোষ্ঠীর ভূমি নিয়ে নানা ধরনের জটিলতা তৈরি হয়েছিল। এরপর ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী ভূমি কমিশন গঠন করে সমস্যা সমাধানের প্রক্রিয়া চলছে।
সংহতি সমাবেশে পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন সমতলের নৃ-গোষ্ঠীর জন্য আলাদা ভূমি কমিশন গঠনের দাবি জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাগদা ফার্মের এই চলমান ভূমি আন্দোলন প্রমাণ করে চলেছে এটি যৌক্তিক, ন্যায্য ও মানবিক।”
তিনি জানান, ৬ জানুয়ারি তারা রংপুরে বিভাগীয় সমাবেশ করবেন। একইদিনে তারা গণস্বাক্ষর অভিযানও শুরু করবেন।
সমাবেশে লিখিত বক্তব্যে রবীন্দ্রনাথ সরেণ বলেন, “১৯৬২ থেকে ২০১৬- দীর্ঘ ৫৪ বছর ধরে চিনি উৎপাদনের অজুহাতে রাষ্ট্র সাহেবগঞ্জ-বাগদাফার্মের ভূমি উদ্বাস্তু হাজারো মানুষের সাথে বর্ণবাদী অন্যায় আচরণ করে চলেছে। এটি স্বাধীন রাষ্ট্রের সংবিধান, মানবিকতা ও আইন সবকিছুকে লঙ্ঘন করে চলেছে।”
তিনি সাঁওতাল হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন। এই ঘটনার জন্য স্থানীয় সরকার প্রতিনিধি, সাংসদ, প্রশাসন ও চিনিকল কর্তৃপক্ষের দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিও জানানো হয় সমাবেশ থেকে।
সাঁওতাল নির্যাতনের প্রতিবাদে রংপুরে জাতীয় আদিবাসী পরিষদের মানবন্ধন (ফাইল ছবি); আগামী ৬ জানুয়ারি তারা এই জেলায় সমাবেশ ডেকেছে
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নূর মোহাম্মদ তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস।
সাঁওতালদের ভূমি ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে পঙ্কজ ভট্টাচার্য বলেন, “এক মাস পূর্ণ হল। সাঁওতাল গরিব এবং বাঙালিদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনও কারও কেন বিচার হল না।
“ক্ষমতাসীন দলের অনেকে সেই জায়গা পরিদর্শন করলেন। কিন্তু কোনো লাভ হল না। এ যেন ফটকাবাজদের দেশ।”
আবুল মকসুদ বলেন, “আমাদের সরকার বলছে, এ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এর জন্য কিন্তু যুবলীগ- ছাত্রলীগের কোনো অবদান নেই। অবদান আছে দরিদ্র বাঙালি ও আদিবাসীদের। অথচ তাদের উপরেই নেমে এসেছে নির্যাতন।”
তিনি নিহত সাঁওতালদের প্রত্যেকের পরিবারকে ২০ লাখ টাকা, আহতদের পরিবারকে ‘আঘাত বিবেচনায়’ সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
সমাবেশ থেকে সাঁওতালদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। একইসঙ্গে সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত রুখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
রবীন্দ্রনাথ সরেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই আন্দোলনের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আদিবাসী ও বাঙালির অংশগ্রহণ। দেশজুড়ে বিশাল তরুণ প্রজন্ম এই নির্যাতিত সাঁওতাল, বাঙালিদের পাশে নানাভাবে দাঁড়াচ্ছে। এভাবেই মানুষের মানবিক সম্পর্ক ও সমঅধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ভেতর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় এক স্বপ্নময় বাংলাদেশ গড়ে উঠবে।”
